চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল
সূত্রঃ সংগৃহীত
চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম নগরীর অনন্যা আবাসিক এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছেন। শুক্রবার (২৮ আগস্ট) সকাল ৭টার দিকে মিছিলটি বের করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ২০ থেকে ২৫ জনের একটি দল অনন্যা আবাসিক এলাকা থেকে মিছিল বের করে কুয়াইশ সড়কের দিকে যায়। এ সময় তারা ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ও ‘জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান দেন। কয়েক মিনিটের মধ্যেই মিছিলটি শেষ করে দ্রুত সরে যান অংশগ্রহণকারীরা।
জানা গেছে, রাউজান উপজেলা ছাত্রলীগের সংগঠক আসিফ তুষারের নেতৃত্বে মিছিলে ১৫ থেকে ২০ জন নেতাকর্মী অংশ নেন। মিছিলে জুলাই গণঅভ্যুত্থান ঘিরে একাধিক হত্যা মামলায় কারাগারে থাকা সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর ছবিসংবলিত ব্যানারও দেখা যায়।
মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে এ বিষয়ে বায়েজিদ বোস্তামী থানা পুলিশের কাছে কোনো তথ্য ছিল না বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম।
এমকে/বিএম২৪









