চট্টগ্রামে ইমন হত্যা: ৪ ঘণ্টার মধ্যে ৪ আসামি গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম নগরের বাকলিয়ায় ইমন (২১) নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার চার ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত আড়াইটার দিকে বাকলিয়া থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আব্দুর রহমান জিসান (২১), ইয়াছিন আরাফাত (২৩), মো. হাসান (৩৩) ও মো. মিজানুর রহমান (২৭)। পুলিশ জানিয়েছে, তাঁরা সবাই এ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (১৪ অক্টোবর) রাত আড়াইটার দিকে ইমন চুরির উদ্দেশ্যে একটি দোকানে প্রবেশ করেন বলে অভিযোগ রয়েছে। এ সময় দোকানের মালিক মিজানুর রহমান তাঁকে হাতেনাতে ধরে ফেলেন। পরে তিনি কল্পলোক আবাসিক এলাকার রাতের নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মী ও দারোয়ানদের কাছে ইমনকে তুলে দেন।
অভিযোগ অনুযায়ী, পরে আসামিরা লাঠিসোঁটা দিয়ে ইমনকে মারধর করতে করতে কল্পলোক মডেল মসজিদের দক্ষিণ পাশে সাজেদা ফাউন্ডেশনের পাশের একটি খালি মাঠে নিয়ে যান। সেখানে তাঁকে এলোপাতাড়ি মারধর করে হত্যা করা হয়।
পুলিশের ভাষ্য, লাশ গুম করার উদ্দেশ্যে আসামিরা বুধবার সকাল ৬টা ২০ মিনিটের দিকে বাকলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকার ২ নম্বর সড়কের মুখে ৫ নম্বর সেতুর নিচে বেইজের ওপর ইমনের মরদেহ ফেলে রেখে চলে যান।
এ ঘটনায় ইমনের ফুফুর অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার বাকলিয়া থানায় মামলা করা হয়। মামলাটিতে দণ্ডবিধির ৩০২, ২০১, ১১৪ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
সিএমপির উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মো. হাবিবুর রহমান প্রাংয়ের তত্ত্বাবধানে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলমের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানটি পরিচালনা করে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।









