চট্টগ্রামে অনলাইন প্রতারণার অভিযোগে ৫ দেশের ৬৩ নাগরিক গ্রেপ্তার

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ পিএম
চট্টগ্রামে অনলাইন প্রতারণার অভিযোগে ৫ দেশের ৬৩ নাগরিক গ্রেপ্তার

সূত্রঃ সংগৃহীত

চট্টগ্রাম প্রতিনিধি


চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় আন্তর্জাতিক অনলাইন প্রতারক চক্রের ৬৩ সদস্যকে গ্রেপ্তার করেছে নগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট (সিটিইউ) ও খুলশী থানা-পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা চীন, পাকিস্তান, লাওস, নেপাল ও ভিয়েতনামের নাগরিক।


বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে খুলশী থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় অনলাইন প্রতারণায় ব্যবহৃত বিপুলসংখ্যক মোবাইল ফোন, ল্যাপটপসহ বিভিন্ন ডিজিটাল সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।


সিএমপি সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা প্রায় দেড় মাস আগে খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকার ৪ নম্বর সড়কের একটি বাড়ি ভাড়া নেন। বাড়িটি দুবাইপ্রবাসী এক ব্যক্তির। ওই বাড়ি ব্যবহার করে তাঁরা অনলাইনভিত্তিক প্রতারণামূলক কার্যক্রম চালিয়ে আসছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পেয়েছে পুলিশ।


পুলিশের ভাষ্য, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় অবস্থান করে অনলাইনভিত্তিক বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম ও ওয়েবসাইট ব্যবহার করে প্রতারণা এবং অন্যান্য অনলাইন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।


তাঁদের বাংলাদেশে অবস্থান ও কার্যক্রম পরিচালনায় দেশীয় ও বিদেশি কয়েকজন সহযোগী লজিস্টিক সহায়তা দিয়ে আসছিলেন বলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে। এসব সহযোগীর মধ্যে কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে অবস্থান করছেন বলে জানিয়েছে পুলিশ।


সিএমপি জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা ও তাঁদের পলাতক সহযোগীরা পরস্পরের যোগসাজশে তথ্যপ্রযুক্তির সহায়তায় সংঘবদ্ধভাবে আর্থিক প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাৎ এবং আইনানুগ কর্তৃত্বের বাইরে ই-ট্রানজেকশনের মাধ্যমে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।


অভিযানে তাঁদের কাছ থেকে ১৩৪টি পুরোনো ও ব্যবহৃত মোবাইল ফোন, একটি অ্যাপল ট্যাব, বিভিন্ন ব্র্যান্ডের ৫৭টি ল্যাপটপ, একটি সিপিইউ, একটি স্যামসাং মনিটর, একটি কি-বোর্ড, একটি মাউস ও একটি প্রিন্টার উদ্ধার করা হয়েছে।


এ ছাড়া পাঁচটি পেনড্রাইভ, চারটি বিভিন্ন কোম্পানির সিমকার্ড, তিনটি পাকিস্তানি জাতীয় পরিচয়পত্র এবং একটি কম্বোডিয়ান এমপ্লয়মেন্ট কার্ডও উদ্ধার করা হয়।


গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে খুলশী থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।


এমকে/বিএম২৪