গাজীপুরে ১০ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
সূত্রঃ সংগৃহীত
আমান উল্যাহ আমান, গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর মহানগরীর বাসনে অভিযান চালিয়ে ১০ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি-উত্তর) একটি দল।
গ্রেপ্তার আসামির নাম মো. মমিনুল ইসলাম ওরফে মমিন ওরফে সানি (৩৮)। তিনি কক্সবাজারের টেকনাফ থানার কেকেপাড়া এলাকার মো. সিরাজুল আলমের ছেলে। বর্তমানে তিনি ঢাকার এলিফ্যান্ট রোড এলাকায় বসবাস করতেন।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের এসআই (নিঃ) মো. কামরুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ বাসন থানাধীন ভোগড়া বাইপাস এলাকায় অভিযান চালায়।
অভিযানে ঢাকা নিউমার্কেট থানার জিআর মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মমিনুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) অশোক কুমার পাল পিপিএমের দিকনির্দেশনায় অভিযানটি পরিচালনা করা হয়।
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
এমকে/বিএম২৪









