গাজীপুরে সেপটিক ট্যাংক বিস্ফোরণে প্রাণ গেল ভাড়াটিয়ার
আমান উল্যাহ আমান, গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরীর নাওজোড় এলাকায় নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংক বিস্ফোরণে সাকিল নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (৩০ অক্টোবর) সকাল সোয়া ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর রাজিব হোসেন।
নিহত সাকিল পটুয়াখালীর বাউফল উপজেলার বাসিন্দা। স্থানীয় বাসিন্দারা জানান, তিনি নাওজোড় এলাকার ওই ভবনের নিচতলায় একটি কক্ষে কয়েকজন পোশাকশ্রমিকের সঙ্গে ভাড়া থাকতেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভবনটি তিনতলা। নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে থাকলেও নিচতলায় সেপটিক ট্যাংকের ওপর দুটি কক্ষ তৈরি করে পোশাকশ্রমিকদের ভাড়া দেওয়া হয়েছিল। শুক্রবার সকালে হঠাৎ সেপটিক ট্যাংকটি বিস্ফোরিত হলে কক্ষের দরজা ও জানালা ক্ষতিগ্রস্ত হয়। এ সময় সাকিল ঘটনাস্থলেই প্রাণ হারান।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার উপপরিদর্শক (এসআই) কাজী সামসুজ্জামান জানান, নিহত ব্যক্তির নাম সাকিল। তবে তাঁর বিস্তারিত পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরিবারের সদস্যরা এলে পরিচয় সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।









