গাজীপুরে দুই মাদ্রাসাছাত্রকে গরম খুন্তির ছ্যাঁকা, ৩ শিক্ষক গ্রেপ্তার
সূত্রঃ সংগৃহীত
আমান উল্যাহ আমান, গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর মহানগরের গাছা থানার সাক্রাউরী এলাকায় দুই মাদ্রাসাছাত্রকে মারধরের পর গরম লোহার খুন্তি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা দেওয়ার অভিযোগ উঠেছে তিন মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীদের পরিবারের অভিযোগের পর তিন শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মাওলানা শোয়াইব, হাবিবুর রহমান ও শাহিন। তারা গাছা থানার পশ্চিম ঝাঝড়ের সাক্রাউরী এলাকার আল-মাদরাসাতু দারুত তাকওয়ার শিক্ষক।
পুলিশ ও ভুক্তভোগী পরিবারের সূত্রে জানা যায়, মাদ্রাসাটিতে বায়েজীদ ও বোরহান নামে দুই শিক্ষার্থী পড়াশোনা করে। গত ১০ সেপ্টেম্বর রাতে বায়েজীদ মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পর তাকে খুঁড়িয়ে হাঁটতে দেখেন তার বাবা। পরে শরীরে খোঁজ নিয়ে তার নিতম্বে আগুনে পোড়ার দাগ দেখতে পান তিনি।
অন্যদিকে, বোরহানকে হাত-পা বেঁধে গরম লোহার খুন্তি দিয়ে তলপেটসহ শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা দেওয়ার অভিযোগ উঠেছে ওই তিন শিক্ষকের বিরুদ্ধে।
বিষয়টি জানতে পেরে দুই শিক্ষার্থীর পরিবার গাছা থানায় পৃথক অভিযোগ দায়ের করে। পরে অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তিন মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করে।
ঘটনার পর স্থানীয় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে তারা মাদ্রাসাটিতে তালা ঝুলিয়ে দেন।
আহত শিক্ষার্থীদের মধ্যে একজনকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
গাজীপুর মহানগর পুলিশের গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী বলেন, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের পর তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
এমকে/বিডিমেইল২৪









