গণতন্ত্র ধ্বংসে বিরোধী দল নতুন চক্রান্তে লিপ্ত: পানিসম্পদমন্ত্রী
সূত্রঃ সংগৃহীত
জেলা প্রতিনিধি
গণতন্ত্রকে ধ্বংস করতে বিরোধী দল নতুন চক্রান্তে লিপ্ত হয়েছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি দাবি করেছেন, বিরোধী দলের কর্মকাণ্ডের সঙ্গে ফ্যাসিস্টদের কর্মকাণ্ডের মিল রয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নে ওয়াপদাখালের তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধন অনুষ্ঠানে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, বিরোধী দল যেভাবে গালিগালাজ করে, সেটিকে গণতন্ত্রের সৌন্দর্য বলা যায় না। দেশের মানুষ তাদের গ্রহণ করেনি এবং ভবিষ্যতেও করবে না বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, বিরোধী দল গণতন্ত্র ধ্বংসের জন্য নতুন চক্রান্ত করছে। তাদের পক্ষ থেকে ১১ দলের দাবি না মানলে বোমাবাজি ও ককটেল হামলা বন্ধ হবে না—এমন বক্তব্য দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।
পানিসম্পদমন্ত্রী বলেন, যারা ৫ তারিখে পালিয়ে গেছে, তারা এখন ওই পাড়ে বসে গাড়িতে আগুন, ককটেল হামলা ও ঝটিকা মিছিলের মতো কর্মকাণ্ড চালাচ্ছে। এসব কর্মকাণ্ডের সঙ্গে বর্তমান বিরোধী দলের বক্তব্য ও কার্যক্রমের মিল রয়েছে বলে তিনি মন্তব্য করেন।
দেশের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে এবং তারেক রহমানের সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে দাবি করে তিনি বলেন, বিএনপি আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে রাজপথ থেকে উঠে এসেছে। ভবিষ্যতেও রাজপথে থেকেই ষড়যন্ত্রকারীদের মোকাবিলা করা হবে।
তিনি আরও বলেন, সরকার শপথ নেওয়ার দিন বিরোধী দল উপস্থিত ছিল না। মতের ভিন্নতা, বক্তব্য ও সংসদে আলোচনা থাকতেই পারে। তবে ১৯৮৬ ও ১৯৯৬ সালের মতো বিরোধী দলের সঙ্গে ফ্যাসিস্টদের সখ্যতার অভিযোগ তুলে তিনি বলেন, আগামী পাঁচ বছর সরকারকে শান্তিতে থাকতে না দেওয়ার মানসিকতা তাদের মধ্যে রয়েছে।
এ্যানি অভিযোগ করেন, বিরোধী দল সংসদে সুন্দর ভাষায় কথা বললেও বাইরে গিয়ে সরকারের বিরুদ্ধে অশালীন ও শিষ্টাচারবহির্ভূত বক্তব্য দেয়। এসব বক্তব্য পারিবারিক পরিবেশেও আলোচনা করা যায় না বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ উজ জামান খান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, বাফুফে সহসভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপি ও সদর (পূর্ব) উপজেলা বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
এমকে/বিএম২৪









