কুড়িগ্রামে ‘নারী অগ্রগতি’ প্রকল্পের সূচনা, গুরুত্ব পাবে দুর্যোগ মোকাবিলায় নারী নেতৃত্ব
সংগৃহীত
শাহীন আহমেদ, কুড়িগ্রাম প্রতিনিধি
বন্যা, নদীভাঙনসহ জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ মোকাবিলায় নারীদের নেতৃত্ব, অংশগ্রহণ ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কুড়িগ্রামে ‘নারী অগ্রগতি’ প্রকল্পের সূচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভার আয়োজন করা হয়।
ইয়ুথ ফর চেঞ্জ বাংলাদেশ ফাউন্ডেশন (ওয়াইএফসি-বিডি) ও ইউথনেট গ্লোবালের বাস্তবায়নে, উইমেন’স পিস অ্যান্ড হিউম্যানিটেরিয়ান ফান্ডের (ডব্লিউপিএইচএফ) অর্থায়নে এবং ইউএন উইমেন বাংলাদেশের সহযোগিতায় প্রকল্পটি পরিচালিত হচ্ছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ বি এম কুদরত-ই-খুদা। এ সময় উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আব্দুর রশীদ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এ টি এম বেনজীর রহমান, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, ইয়ুথ ফর চেঞ্জ বাংলাদেশ ফাউন্ডেশনের লিড ফিল্ড ইমপ্লিমেন্টেশন অ্যান্ড লোকাল এনগেজমেন্ট জাহিদ কবির এবং প্রকল্প সমন্বয়কারী জান্নাতুন্নাহার তান্নি।
এ ছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও নারী অংশগ্রহণকারীরা সভায় উপস্থিত ছিলেন।
সভায় প্রকল্পের লক্ষ্য, পরিকল্পিত কার্যক্রম ও প্রত্যাশিত ফলাফল তুলে ধরা হয়। প্রকল্পের আওতায় নারীদের দুর্যোগ প্রস্তুতি, মোকাবিলা ও দুর্যোগ-পরবর্তী পুনরুদ্ধার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি পিস সার্কেল গঠন, পুরুষ সহযোগীদের সম্পৃক্তকরণ এবং ইউনিয়ন পর্যায়ের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিতে নারীদের অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।
সভায় নারী অংশগ্রহণকারীরা বন্যা ও নদীভাঙনের সময় তাঁদের বাস্তব অভিজ্ঞতা, নিরাপত্তা, জীবিকা এবং নানা প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন।
বক্তারা বলেন, দুর্যোগ ব্যবস্থাপনায় নারীদের সক্রিয় অংশগ্রহণ ও নেতৃত্ব নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং স্থানীয় জনগোষ্ঠীর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। দুর্যোগ মোকাবিলার প্রতিটি পর্যায়ে, বিশেষ করে স্থানীয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীদের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
এমকে/বিএম২৪









