জামিনের প্রশ্নে ক্ষুব্ধ হয়ে সাংবাদিককে গালাগাল পরীমণির
সংগৃহীত
বিনোদন ডেস্ক
আদালত থেকে জামিন পেয়ে বের হওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের মুখে উত্তেজিত হয়ে পড়েন ঢালিউড চিত্রনায়িকা পরীমণি। এ সময় এক ব্যক্তির বিরুদ্ধে তাঁর গায়ে হাত দেওয়ার অভিযোগ তুলে তীব্র বাগ্বিতণ্ডায় জড়ান তিনি। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার আদালত চত্বরে এ ঘটনা ঘটে।
ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, নিরাপত্তাকর্মী ও সহকারীদের সঙ্গে নিয়ে আদালত থেকে বের হয়ে নিজের সাদা গাড়ির দিকে যাচ্ছিলেন পরীমণি। এ সময় তাঁকে ঘিরে ধরেন সাংবাদিকরা। দূর থেকেই কয়েকজন তাঁর জামিন পাওয়ার পর প্রতিক্রিয়া জানতে চান।
একপর্যায়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর না দিয়ে গাড়ির দিকে এগিয়ে যান পরীমণি। গাড়িতে ওঠার ঠিক আগমুহূর্তে হঠাৎ এক ব্যক্তির দিকে তেড়ে যান তিনি। ওই ব্যক্তির বিরুদ্ধে গায়ে হাত দেওয়ার অভিযোগ তুলে বলেন, ‘তুই আমার গায়ে হাত দিয়েছিস কেন?’
এ সময় মুঠোফোন হাতে ভিডিও ধারণ করতে থাকা ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘আমি আপনার গায়ে হাত দেব কেন? আমি ভিডিও করছি।’ পরীমণির পাশ থেকে তাঁর সহকারীরাও ওই ব্যক্তির বিরুদ্ধে গায়ে হাত দেওয়ার অভিযোগ করেন।
‘কত বড় সাহস, গায়ের মধ্যে হাত দেয়’
ভিডিওতে দেখা যায়, প্রায় ৩০ সেকেন্ড ধরে চলে এ বাগ্বিতণ্ডা। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে পরীমণিকে বলতে শোনা যায়, ‘কত বড় সাহস, গায়ের মধ্যে হাত দেয়, সাহস দেখায়।’
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উপস্থিত কয়েকজন ওই ব্যক্তিকে সরিয়ে দেন। এরপর ক্ষোভ প্রকাশ করতে করতে গাড়িতে ওঠেন পরীমণি। অন্যদিকে, ওই ব্যক্তিও উচ্চ স্বরে দাবি করেন, তিনি পরীমণির গায়ে হাত দেননি। পরে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তাঁর গাড়ি।
যে মামলায় আত্মসমর্পণ, পেলেন জামিন
ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় বুধবার (৪ নভেম্বর) পরীমণির জামিন বাতিল করে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
এর এক দিন পর বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করে জামিন পান এই চিত্রনায়িকা। বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে রাখা একটি সাদা ব্যক্তিগত গাড়ি থেকে নামেন তিনি। পরে বেলা ১১টা ৫৫ মিনিটে আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন এবং জামিনের আবেদন জানান।
শুনানি শেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান ৫০০ টাকা মুচলেকায় পরীমণির জামিন মঞ্জুর করেন। আদালতের আনুষ্ঠানিকতা শেষে বের হওয়ার পরই সাংবাদিকদের উপস্থিতিতে ওই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়।
এমকে/বিএম২৪









