বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ

প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৬, ০৪:১৯ পিএম
বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ

সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক


বাংলাদেশের মানুষের কাছে নিজের বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন ভারতীয় সাংবাদিক ও টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলার সাবেক সংবাদ উপস্থাপক ময়ূখ রঞ্জন ঘোষ।


সম্প্রতি বেসরকারি টেলিভিশন চ্যানেল ইটিভির জনপ্রিয় টকশো ‘ফ্যাক্টচেক’-এ আলোচক হিসেবে অংশ নিয়ে তিনি এ ক্ষমা চান। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন হারুন উর রশীদ। এতে আরও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব আব্দুন নূর তুষার। অনুষ্ঠানে বাংলাদেশ ও ভারতের রাজনীতি এবং সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।


আলোচনার একপর্যায়ে ময়ূখ রঞ্জন ঘোষ বলেন, ‘বাংলাদেশের সংবেদনশীল মানুষজন যদি ময়ূখ রঞ্জন ঘোষের কথায় আঘাত পেয়ে থাকেন, যদি তাঁদের মনে হয়ে থাকে যে এই কথাটা বলা ঠিক হয়নি, তাহলে আমি আন্তরিকভাবে তাঁদের কাছে ক্ষমাপ্রার্থী।’


আব্দুন নূর তুষারের বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, তুষার খুব সুন্দরভাবে বিষয়গুলো তুলে ধরেছেন। তিনি নিজের জাতীয়তাবাদী বিশ্বাস থেকে লড়াই করছেন। তবে তুষারের মতো সংবেদনশীল মানুষেরা একটি পর্যায়ে বাংলাদেশের বিষয়ে কথা বলা বন্ধ করে দিয়েছিলেন বলে তাঁর মনে হয়েছে। বিশেষ করে ২০২৪ সালের ৫ আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ের প্রসঙ্গ উল্লেখ করেন তিনি।


অনুষ্ঠানে ময়ূখ রঞ্জন ঘোষ আবারও বলেন, তাঁর কোনো বক্তব্যে বাংলাদেশের সংবেদনশীল মানুষ আঘাত পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে দুঃখিত।


বাংলাদেশের রাজনীতি নিয়ে বিভিন্ন সময়ে মন্তব্য ও সংবাদ উপস্থাপনার কারণে ময়ূখ রঞ্জন ঘোষ সমালোচনার মুখে পড়েছেন। তাঁর কিছু বক্তব্যকে বাংলাদেশের বিষয়ে বিভ্রান্তিকর ও উসকানিমূলক বলেও সমালোচনা করেছেন অনেকে।


বিশেষ করে বাংলাদেশ নিয়ে তাঁর বিভিন্ন মন্তব্য ও উপস্থাপনার ধরন সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কের জন্ম দিয়েছে। এবার টকশোতে তাঁর ক্ষমা চাওয়ার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।


এমকে/বিএম২৪