নজরুল বর্ষ উদযাপনে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণ

প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৬, ০৮:১১ পিএম
নজরুল বর্ষ উদযাপনে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণ

সংগৃহীত

মো: শফিউল আলম, নোবিপ্রবি প্রতিনিধি


নজরুল বর্ষ ২০২৬-২০২৭ উদযাপন উপলক্ষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) সেমিনার ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।


প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তাঁর সাহিত্যকর্মের মাধ্যমে সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছিলেন। সাহিত্যের প্রায় প্রতিটি শাখায় তাঁর বিচরণ ছিল। অসাম্প্রদায়িক চেতনা ও মানবতাবাদী দর্শনের কারণে তিনি সর্বজনীন সাহিত্যিক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন।


তিনি বলেন, নজরুলকে জানতে হলে তাঁর দর্শনকে গভীরভাবে উপলব্ধি করতে হবে। কবির মানবতাবাদী চেতনা ধারণ করে একটি উদারনৈতিক ও বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণে এগিয়ে যেতে হবে। এ সময় নজরুল বর্ষ ঘোষণার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং প্রতিযোগিতায় বিজয়ীদের অভিনন্দন জানান।


সেমিনারে কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজম। তিনি বলেন, কাজী নজরুল ইসলামকে সাধারণত বিদ্রোহ, সাম্য ও মানবতার কবি হিসেবে পরিচিত করা হলেও তাঁর সৃষ্টিশীলতার পরিসর আরও বিস্তৃত। তাঁকে যথাযথভাবে বুঝতে হলে সাহিত্যভাবনা, সৃজনশীলতার স্বাতন্ত্র্য, ভাষার ব্যবহার ও সাহিত্যের নন্দনতত্ত্ব নিয়ে গভীর আলোচনা প্রয়োজন।


তিনি আরও বলেন, নজরুল প্রচলিত সাহিত্যধারার বাইরে গিয়ে বাংলা সাহিত্যে নতুন ভাষা, প্রকাশভঙ্গি ও বিষয়বস্তুর সংযোজন ঘটিয়েছেন। তাঁর কবিতা, গান, গল্প, প্রবন্ধ ও সাংবাদিকতায় বৈচিত্র্যের অনন্য প্রকাশ ঘটেছে। বর্তমান সমাজে বৈষম্য, অসহিষ্ণুতা ও কর্তৃত্বের প্রশ্নে নজরুলের সাহিত্য এখনো অত্যন্ত প্রাসঙ্গিক।


নজরুল বর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. গাজী মো. মহসিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন।


এ ছাড়া আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্যিক ও নজরুল গবেষক ড. আবুহেনা আবদুল আউয়াল। স্বাগত বক্তব্য দেন নজরুল বর্ষ উদযাপন কমিটির সদস্য সচিব ড. মো. শিবলুর রহমান।


অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের শেষ পর্বে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।


এমকে/বিএম২৪