ডেঙ্গুতে একদিনে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৯৬

প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ পিএম
ডেঙ্গুতে একদিনে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৯৬

সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৫৯৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।


বৃহস্পতিবার (৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া সাতজনের মধ্যে ঢাকা বিভাগে তিনজন, চট্টগ্রাম বিভাগে তিনজন এবং খুলনা বিভাগে একজন রয়েছেন।


এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৫২ জনে। এর মধ্যে শুধু অক্টোবর মাসেই মারা গেছেন ১৮১ জন। এছাড়া সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে রোগীর মৃত্যু হয়েছে।


বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ৫৯৬ জনের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৫৫০ জন রয়েছেন। এছাড়া চট্টগ্রামে ২৯৫ জন, খুলনায় ২২১ জন, বরিশালে ২১৩ জন, রাজশাহীতে ১৪৮ জন, ময়মনসিংহে ৮৩ জন, রংপুরে ৬৭ জন এবং সিলেট বিভাগে ১৯ জন ভর্তি হয়েছেন।


এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৪৪ হাজার ৩৭৪ জনে। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১ লাখ ৩৮ হাজার ৮০ জন।


এমকে/বিএম২৪