কুলাউড়ায় অবৈধ বালু উত্তোলনে ইউপি সদস্যকে জরিমানা, একজন কারাদণ্ড

প্রকাশিত: ০৪ আগস্ট ২০২৬, ০১:০২ পিএম
কুলাউড়ায় অবৈধ বালু উত্তোলনে ইউপি সদস্যকে জরিমানা, একজন কারাদণ্ড

সূত্রঃ সংগৃহীত

মৌলভীবাজার প্রতিনিধি:


মৌলভীবাজারের কুলাউড়ায় মনু নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, মজুদ ও পরিবহনের অভিযোগে এক ইউপি সদস্য ও তার ছেলেকে অর্থদণ্ড এবং অপর এক ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে দখলমুক্ত করা হয়েছে একটি সরকারি রাস্তা।


সোমবার (৩ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত উপজেলার শরীফপুর ইউনিয়নের চাতলাপুর এলাকায় মনু নদীর বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস।


ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে নিজ বাড়িতে মজুদ রাখার দায়ে শরীফপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য লাল মিয়া এবং তার ছেলেকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।


এ ছাড়া অবৈধভাবে বালু পরিবহনের দায়ে মো. মাসুম মিয়াকে দণ্ডবিধির ১৮৮ ধারায় সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।


অভিযানের সময় পূর্বে জব্দ করা বালুর পাশাপাশি নতুন করে জব্দ করা বালুও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিম্মায় হস্তান্তর করা হয়। উপজেলা প্রশাসন জানিয়েছে, আইনগত প্রক্রিয়া শেষে দ্রুত জব্দ করা বালু নিলামের ব্যবস্থা নেওয়া হবে।


একই অভিযানে শরীফপুর ইউনিয়নের একটি দখলকৃত সরকারি রাস্তা উদ্ধার করে এর সীমানাও নির্ধারণ করে দেয় ভ্রাম্যমাণ আদালত।


উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস বলেন, নদী, পরিবেশ ও সরকারি সম্পত্তি রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


এমকে/বিডিমেইল২৪