কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
সূত্রঃ সংগৃহীত
শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় সামিউল আল আরাফাত (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর ইউনিয়নের উত্তর হিজলতলী আশুকা পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সামিউল টাঙ্গাইল সদর আদালতপাড়া ১৩ নম্বর ওয়ার্ডের আব্দুস সালাম মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার টাঙ্গাইল থেকে মোটরসাইকেলে ঢাকার উদ্দেশে রওনা দেন সামিউল। পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উত্তর হিজলতলী আশুকা পাম্প এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে ছিটকে পড়ে।
এ সময় পেছন দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক সামিউলকে চাপা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে নাওজোর-সালনা হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানার হেফাজতে নেন।
নাওজোর-সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আলী দুর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এমকে/বিএম২৪









