কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া

প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ পিএম
কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া

সংগৃহীত

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি


ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে পঞ্চম দিনের মতো গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দফায় দফায় অবরোধ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিল্পাঞ্চল গাজীপুরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।


মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১১টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকরা প্রথমে গাজীপুর মহানগরীর মৌচাক, সফিপুর, পল্লীবিদ্যুৎ ও চন্দ্রা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। পরে পুলিশের ধাওয়ায় তাঁরা ছত্রভঙ্গ হয়ে যান।


এরপর মহাসড়কের মৌচাকের তেলিরচালা এলাকায় আবারও সড়ক অবরোধ করেন শ্রমিকরা। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়। শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। জবাবে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। পরে ওই এলাকায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়।


এ ঘটনার পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের হরিণহাটি ও পল্লীবিদ্যুৎ এলাকায় আবারও অবরোধের চেষ্টা করেন শ্রমিকরা। এ সময় বিজিবি ও পুলিশের উপস্থিতিতে তাঁরা বিভিন্ন অলিগলি দিয়ে মহাসড়ক থেকে সরে যান।


কালিয়াকৈর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শফিকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, সকাল থেকে অন্যান্য দিনের তুলনায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে সকাল ১১টার দিকে মৌচাক এলাকায় কিছুটা বিশৃঙ্খলা দেখা দিলে পুলিশের ধাওয়ায় আন্দোলনকারীরা সরে যান।


তিনি আরও জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে আজও মহাসড়কের পাশের সব শিল্পকারখানা বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন রয়েছেন।


এদিকে গাজীপুর মহানগরীর নাওজোড় এলাকায় সকাল সাড়ে ১০টার দিকে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশের দুই দফা সংঘর্ষ হয়। একপর্যায়ে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করলে শ্রমিকরা সড়ক ছেড়ে সরে যান।


এমকে/বিএম২৪