আলমডাঙ্গায় কফি শপে জুয়ার আসর, গ্রেপ্তার ৩
সংগৃহীত
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় কফি শপে জুয়ার আসর বসিয়ে খেলার অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত তিনটি স্মার্টফোন, ছয়টি সিম কার্ড ও চারটি এটিএম কার্ড জব্দ করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) রাত ১টার দিকে উপজেলার কালিদাসপুর ইউনিয়নের মোনাকষা বাজারে বিপুল উদ্দিনের একটি কফি শপে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাইকপাড়া পুলিশ ক্যাম্পের এসআই ওয়াহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ওই কফি শপে অভিযান চালায়। এ সময় জুয়া খেলার অভিযোগে ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পারকুলা বাজারপাড়ার মৃত শেখ তৌহিদ আলমের ছেলে শেখ হাবিবুল্লাহ হামিম (২১), পাইকপাড়া ঘোষপাড়ার আকতার মালিথার ছেলে নাঈম ইসলাম (২২) এবং পারকুলা দাসপাড়ার শামিমুজ্জামানের ছেলে সিহাবুজ্জামান (২৩)।
পুলিশ জানায়, অভিযানে তাদের কাছ থেকে তিনটি স্মার্টফোন, ছয়টি সিম কার্ড ও চারটি এটিএম কার্ড জব্দ করা হয়েছে।
এ ঘটনায় আলমডাঙ্গা থানায় মামলা করা হয়েছে। মামলার নম্বর ০৮। জুয়া প্রতিরোধ আইন, ২০২৫-এর ১৬, ১৭ ও ১৯ ধারায় তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এমকে/বিএম২৪









