চবিতে ছাত্রী হলের সেমিনারে চাকরির প্রস্তুতির বই দিল চাকসু
সূত্রঃ সংগৃহীত
আহমেদ মুনহা, চবি প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পাঁচটি ছাত্রী হলের সেমিনার সমৃদ্ধ করা এবং নারী শিক্ষার্থীদের চাকরির প্রস্তুতিতে সহায়তার লক্ষ্যে বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিমূলক বই দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের টিভি রুমে আয়োজিত এক অনুষ্ঠানে এসব বই হস্তান্তর করা হয়। চাকসুর ছাত্রী কল্যাণ বিভাগের উদ্যোগে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম।
চাকসুর ছাত্রী কল্যাণ বিভাগের পক্ষ থেকে পাঁচটি ছাত্রী হলের সেমিনারের জন্য বিসিএস, ব্যাংক, এনটিআরসিএ, প্রাথমিক শিক্ষক নিয়োগসহ বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিমূলক বই দেওয়া হয়। নারী শিক্ষার্থীদের জন্য চাকরির প্রস্তুতির বই সহজলভ্য করা এবং হলগুলোর সেমিনার সমৃদ্ধ করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য বলে জানান আয়োজকেরা।
অনুষ্ঠানে চাকসুর সহসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক, সহসাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ, পাঁচটি ছাত্রী হলের প্রভোস্ট ও হল প্রশাসনের প্রতিনিধিরা, হল সংসদের নেতৃবৃন্দ, নারী শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন চাকসুর সহ-ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদাউস রিতা।
উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, চাকসুকে বিশ্ববিদ্যালয় প্রশাসন কখনো প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখে না। বরং বর্তমান প্রশাসন চাকসুকে সহযোগী হিসেবে বিবেচনা করে। শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করাই প্রশাসনের মূল লক্ষ্য।
হলের আবাসিক শিক্ষকদের দায়িত্ব প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে অনেক হাউস টিউটর নিয়মিত হলে আসেন না। প্রভোস্টদের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে। দায়িত্ব পালনে অনিয়ম হলে ভবিষ্যতে কোনো হাউস টিউটর রাখার বিষয়ে কঠোর অবস্থান নেওয়া হবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গত পাঁচ মাসে উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে দাবি করে উপাচার্য বলেন, এ সময়ে বিশ্ববিদ্যালয়ে যে পরিমাণ উন্নয়ন হয়েছে, অতীতে এমন উন্নয়ন হয়নি।
উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম বলেন, নারী শিক্ষার্থীদের বই পড়ার প্রতি আরও আগ্রহী হতে হবে। এ ক্ষেত্রে চাকসুর নেওয়া উদ্যোগ প্রশংসনীয়।
চাকসুর সহ-ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদাউস রিতা বলেন, নারী শিক্ষার্থীদের প্রয়োজন ও কল্যাণকে অগ্রাধিকার দিয়ে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। সরবরাহ করা বইয়ের মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন গুরুত্বপূর্ণ চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে পারবেন। নারী শিক্ষার্থীদের শিক্ষাজীবন ও ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতিতে সহায়ক আরও শিক্ষার্থী-বান্ধব উদ্যোগ নেওয়া হবে।
এমকে/বিএম২৪









