কুবিতে ওবিই মডেল বাস্তবায়নে শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ১১:২২ পিএম
কুবিতে ওবিই মডেল বাস্তবায়নে শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা

সংগৃহীত

কুবি প্রতিনিধি


কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আউটকাম বেইজড এডুকেশন (ওবিই) মডেল বাস্তবায়ন এবং শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।


কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম। এতে বিশ্ববিদ্যালয়ের কলা, সামাজিক বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষকেরা অংশ নেন। এ সময় বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগের শিক্ষকেরাও উপস্থিত ছিলেন।


কর্মশালায় কোর্স লার্নিং আউটকাম (সিএলও) অর্জন, যথাযথ প্রশ্নপত্র প্রণয়ন, অ্যাসেসমেন্ট টাস্ক নির্ধারণ এবং শিক্ষার্থীদের শিখনফল মূল্যায়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।


প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, শিক্ষাব্যবস্থার মূল দর্শন হতে হবে ‘স্টুডেন্ট ফার্স্ট’। সনাতন পদ্ধতিতে তথ্য মুখস্থ করার প্রবণতা থেকে বেরিয়ে এসে ওবিই কাঠামো অনুসারে পদ্ধতিগতভাবে প্রশ্নপত্র প্রণয়ন করতে হবে, যাতে শিক্ষার্থীরা অর্জিত জ্ঞান বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করতে পারে।


উপাচার্য আরও বলেন, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের প্রস্তুত করতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশের উন্নয়ন এবং আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন অর্জনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি নতুন আন্তর্জাতিক ভাষা কেন্দ্রের মাধ্যমে ইংরেজির পাশাপাশি তৃতীয় একটি ভাষা শেখার সুযোগ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।


কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি-র সাবেক পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জিয়াউল হায়দার।


এমকে/বিএম২৪