খুলনার ফুলতলায় ১৯ বছরেও সংস্কার হয়নি প্রধান সড়ক, দুর্ভোগে ভদ্র পুকুর গ্রামের মানুষ

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ১১:২১ পিএম
খুলনার ফুলতলায় ১৯ বছরেও সংস্কার হয়নি প্রধান সড়ক, দুর্ভোগে ভদ্র পুকুর গ্রামের মানুষ

সংগৃহীত

মো: আল-মাহফুজ শাওন, খুলনা প্রতিনিধি


খুলনার ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গা এলাকার ভদ্র পুকুর গ্রামের প্রধান সড়কটি প্রায় ১৯ বছর ধরে সংস্কার না হওয়ায় চরম দুর্ভোগে রয়েছেন এলাকাবাসী। দীর্ঘদিনের অবহেলায় সড়কটির বেহাল দশা তৈরি হয়েছে। এতে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছেন শিক্ষার্থী, শ্রমজীবী মানুষ, নারী, শিশু ও বয়স্করা। এমনকি জরুরি প্রয়োজনে অসুস্থ রোগীকে হাসপাতালে নেওয়াও কঠিন হয়ে পড়েছে বলে অভিযোগ স্থানীয়দের।


এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না করায় স্বাভাবিক যাতায়াত ব্যবস্থা ব্যাহত হচ্ছে। বিদ্যালয়ে যাওয়া, বাজারে কেনাকাটা, কর্মস্থলে যাতায়াত কিংবা শহরের সঙ্গে যোগাযোগ—সব ক্ষেত্রেই ভোগান্তি পোহাতে হচ্ছে তাঁদের। বিশেষ করে গর্ভবতী নারী, শিশু ও বয়স্কদের চলাচলে বাড়তি ঝুঁকি তৈরি হয়েছে।


স্থানীয়দের দাবি, সড়কটির পাশে রয়েছে আইন জুটসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান, পাকিস্তান আমলে প্রতিষ্ঠিত একটি বিদ্যালয়, গ্রামীণ বাজার ও মসজিদসহ গুরুত্বপূর্ণ স্থাপনা। ফলে সড়কটি শুধু একটি গ্রামের যোগাযোগের পথ নয়, বরং এলাকার শিক্ষা, ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।


এ ছাড়া এ সড়ক ব্যবহার করে খুলনা থেকে নড়াইল জেলায় যাতায়াত করা যায়। পাশাপাশি বিভিন্ন পথে ঢাকা ও অন্যান্য অঞ্চলের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রেও সড়কটির গুরুত্ব রয়েছে। অথচ দীর্ঘদিন সংস্কার না হওয়ায় গুরুত্বপূর্ণ এই সড়কটি এখন স্থানীয় মানুষের দুর্ভোগের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে।


দ্রুত সড়ক সংস্কারের দাবি এলাকাবাসীর


দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পেতে সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করেছেন তাঁরা। তাঁদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে সড়কটি চলাচলের উপযোগী করে তুলবে।


এলাকাবাসীর ভাষ্য, সড়কটি সংস্কার করা হলে অসুস্থ রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়া, শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত এবং বাজার ও শহরের সঙ্গে যোগাযোগ আরও সহজ হবে। পাশাপাশি সড়কটির উন্নয়ন হলে স্থানীয় শিল্পপ্রতিষ্ঠানগুলোর কার্যক্রমেও ইতিবাচক প্রভাব পড়বে।


ভদ্র পুকুর গ্রামের বাসিন্দারা বলছেন, দীর্ঘ ১৯ বছর ধরে সংস্কার না হওয়া সড়কটির কারণে তাঁদের প্রতিদিন নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। তাই জনদুর্ভোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত সংস্কারকাজ শুরুর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। তাঁদের প্রত্যাশা, দীর্ঘদিনের এই জনদাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবার কার্যকর পদক্ষেপ নেবে।


এমকে/বিএম২৪