‘জনগণের দাবি নিয়েই এসেছি, কাউকে অসম্মান করতে নয়’

প্রকাশিত: ০৬ আগস্ট ২০২৬, ০১:৫৪ পিএম
‘জনগণের দাবি নিয়েই এসেছি, কাউকে অসম্মান করতে নয়’

সূত্রঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


জ্বালানি তেল ও গ্যাসের সংকট, বিদ্যুতের ‘ভূতুড়ে বিল’, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে সচিবালয় অভিমুখে পদযাত্রা করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছেন ১১ দলীয় জোটের নেতাকর্মীরা। এ সময় সচিবালয়ের সামনে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির বলেন, ‘আমরা কাউকে অসম্মান করতে আসিনি, জনগণের দাবি নিয়ে এসেছি।’


বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে সচিবালয়ের সামনে পৌঁছালে পুলিশ পদযাত্রায় বাধা দেয়। পরে সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, শুধু ঢাকায় নয়, দেশের বিভিন্ন স্থানেও একই কর্মসূচি পালিত হচ্ছে। শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে জনগণের দাবি সরকারের কাছে পৌঁছে দিতেই তারা সচিবালয়ের সামনে এসেছেন।


তিনি সরকারের দায়িত্বশীল কোনো প্রতিনিধি এসে দাবি গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, সরকারের কোনো মন্ত্রী বা অনুমোদিত প্রতিনিধি উপস্থিত হলে জনগণের পক্ষ থেকে তাদের হাতে দাবিপত্র তুলে দেওয়া হবে। দাবি বাস্তবায়ন হলে সরকারকে ধন্যবাদ জানানো হবে, আর বাস্তবায়ন না হলে ধারাবাহিক আন্দোলন ও নতুন কর্মসূচি অব্যাহত থাকবে।


বিরোধীদলীয় নেতা আরও বলেন, তারা সরকারের প্রতি অসম্মান প্রদর্শন করতে নয়, বরং সম্মানের সঙ্গে জনগণের দাবি তুলে ধরতেই সেখানে অবস্থান নিয়েছেন। এ জন্য ১০ মিনিট অপেক্ষা করবেন বলেও জানান তিনি। এই সময়ের মধ্যে সরকারের কেউ না এলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।


পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, তাদের অনুরোধে আপাতত কর্মসূচি স্থগিত রাখা হয়েছে। একই সঙ্গে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আন্দোলনকারীদের দাবি ও বক্তব্য পৌঁছে দেওয়ার জন্য পুলিশকে অনুরোধ জানান।


জ্বালানি সংকট, বিদ্যুতের অতিরিক্ত বিল, আইনশৃঙ্খলার অবনতি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ১১ দলীয় জোটের ঘোষিত এই কর্মসূচিতে জোটভুক্ত বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন।



এমকে/বিএম২৪