সচিবালয় ঘেরাওয়ে পুলিশের বাধা, জিরো পয়েন্টে থামল ১১ দলীয় ঐক্য
সূত্রঃ সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর সচিবালয় ঘেরাও কর্মসূচিতে যাওয়ার পথে পুলিশের বাধার মুখে পড়েছে ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীরা। জ্বালানি তেল ও গ্যাসসংকট, বিদ্যুতের ‘ভূতুড়ে’ বিল, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর মুক্তাঙ্গনে অবস্থান কর্মসূচি শেষে বেলা ১২টা ৪০ মিনিটের দিকে সচিবালয়ের উদ্দেশে মিছিল বের করেন জোটের নেতাকর্মীরা। মিছিলটি জিরো পয়েন্ট এলাকায় পৌঁছালে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের অগ্রযাত্রা আটকে দেয়।
ঘেরাও কর্মসূচিতে নেতৃত্ব দেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এতে এসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন দলের শীর্ষ নেতারা অংশ নেন।
এর আগে সকাল ১১টার পর মুক্তাঙ্গনে অবস্থান কর্মসূচি শুরু হয়। বেলা ১১টা ৫০ মিনিটের দিকে বৃষ্টি শুরু হলেও তা উপেক্ষা করে নেতাকর্মীরা কর্মসূচি অব্যাহত রাখেন।
সমাবেশে বক্তব্য দেন ডা. শফিকুর রহমান, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ এবং জাগপার সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধানসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। তাঁদের বক্তব্যে জ্বালানি সংকট, বিদ্যুৎ বিল, আইনশৃঙ্খলার অবনতি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ জানিয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।
এমকে/বিএম২৪









