১১ দলীয় ঐক্যের মিছিল আটকালো পুলিশ
সূত্রঃ সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
জ্বালানি তেল ও গ্যাসসংকট, বিদ্যুতের ‘ভূতুড়ে’ বিল, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে ১১ দলীয় ঐক্যের ঘোষিত সচিবালয় ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে সচিবালয়ের সব প্রবেশদ্বার বন্ধ করে দিয়েছে প্রশাসন। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে একযোগে সব গেট বন্ধ করে দেওয়া হয়।
গেটগুলো বন্ধ থাকায় বিভিন্ন প্রয়োজনে সচিবালয়ে আসা সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন। অনেককে বাইরে অপেক্ষা করতে দেখা যায়। প্রবেশের আশায় তারা বিভিন্ন গেটের সামনে জড়ো হলেও কাউকেই ভেতরে যেতে দেওয়া হয়নি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সচিবালয়ের প্রতিটি গেটের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এদিকে, সচিবালয়ের উদ্দেশে অগ্রসর হওয়া ১১ দলীয় ঐক্যের মিছিল জিরো পয়েন্ট এলাকায় পৌঁছালে পুলিশ ব্যারিকেড দিয়ে সেটি আটকে দেয়।
কর্মসূচিতে ১১ দলীয় ঐক্যের আহ্বায়ক নাহিদ ইসলামসহ জোটের শীর্ষ নেতারা অংশ নেন।
এর আগে রাজধানীর মুক্তাঙ্গনে সকাল ১১টার পর অবস্থান কর্মসূচি শুরু করে ১১ দলীয় ঐক্য। জ্বালানি সংকট, বিদ্যুতের অতিরিক্ত বিল, আইনশৃঙ্খলার অবনতি এবং নিত্যপণ্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আয়োজিত এ কর্মসূচির মাঝেই বেলা ১১টা ৫০ মিনিটের দিকে বৃষ্টি শুরু হয়। তবে বৃষ্টি উপেক্ষা করে নেতাকর্মীরা রাজপথে অবস্থান অব্যাহত রাখেন।
অবস্থান কর্মসূচিতে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ এবং জাগপার সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধানসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
এমকে/বিএম২৪









