হতাশ হয়ে মাথা গরম করবেন না: শফিকুর রহমান

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ এএম
হতাশ হয়ে মাথা গরম করবেন না: শফিকুর রহমান

সূত্রঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লং মার্চ সফল হওয়ায় অনেকের মাথা গরম হয়ে গেছে। গত দুই দিনে রাজধানীতে এর কিছু লক্ষণও দেখা গেছে বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে হতাশ না হয়ে জনগণের দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতের এই নেতা।


শনিবার (১৯ সেপ্টেম্বর) ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে রংপুর অভিমুখী লং মার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এসব কথা বলেন।


শফিকুর রহমান বলেন, আজ ১১ দলীয় ঐক্যের দ্বিতীয় দফার লং মার্চ শুরু হয়েছে। এর আগে ঢাকা থেকে চট্টগ্রামে প্রথম দফার লং মার্চ অনুষ্ঠিত হয়। তার ভাষ্য, ওই কর্মসূচি সফল হওয়ায় অনেকে উত্তেজিত হয়ে পড়েছেন এবং গত দুই দিন ধরে রাজধানীতে এর কিছু লক্ষণ দেখা যাচ্ছে।


তিনি বলেন, ‘আমরা অনুরোধ করব, হতাশ হয়ে মাথা গরম করবেন না। বরং জনতার দাবি মেনে নেওয়ার চেষ্টা করুন। আজকে আট দফা, মনে রাখবেন, এটা নয় দফা হতে পারে, ১০ দফা হতে পারে। আবার জাতির প্রয়োজনে যেকোনো সময় এটা এক দফায় পরিণত হতে পারে।’


এক দফার আন্দোলনে পরিস্থিতি ভয়াবহ হতে পারে উল্লেখ করে জামায়াতের আমির বলেন, ‘এক দফায় যখন পরিণত হবে, তখন কিন্তু পরিস্থিতি খুবই ভয়াবহ হবে। আমরা বলি, সেই পরিস্থিতির মুখোমুখি হওয়ার আগে সাম্প্রতিক অতীত থেকে শিক্ষা নিন। শিক্ষা নিয়ে জনগণের দাবি মেনে নিন।’


দাবি না মানলে কোনো চক্রান্ত-ষড়যন্ত্র কাজে আসবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। শফিকুর রহমান বলেন, ‘যদি দাবি মানতে ব্যর্থ হন, তাহলে পরিষ্কার বলে দিচ্ছি, কোনো চক্রান্ত-ষড়যন্ত্রে কোনো কাজ হবে না। আমরা কোনো কিছুকেই পরোয়া করব না। কারণ আমরা কোনো দলীয় দাবি নিয়ে মাঠে নামিনি। আমরা ১৮ কোটি মানুষের দাবি নিয়ে মাঠে নেমেছি।’


১১ দলের সঙ্গে দেশের ১৮ কোটি মানুষ রয়েছে দাবি করে তিনি বলেন, ‘আজকে ১৮ কোটি মানুষ ১১ দলের সঙ্গে আছে। সেই দাবি আদায় করে আমরা ঘরে ফিরব, ইনশাআল্লাহ।’


আন্দোলন চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে শফিকুর রহমান বলেন, ‘আমরা জনগণকে কথা দিচ্ছি, এ লড়াই শুরু হয়েছে। দাবি আদায় করেই ঘরে ফিরব, ইনশাআল্লাহ।’



এমকে/বিএম২৪