সরকারই আমাদের লং মার্চে যেতে বাধ্য করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
সূত্রঃ সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, গুমসহ বিভিন্ন বিষয়ে সংসদে সমাধান করা গেলে তাদের লং মার্চে নামতে হতো না। সরকারই তাদের রাজপথে নামতে এবং লং মার্চ করতে বাধ্য করেছে বলে দাবি করেন তিনি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লং মার্চের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘গুমের বিষয়ে যদি সমাধান সংসদে করতে পারতেন, তাহলে আমাদের লং মার্চে যেতে হতো না। সরকার আমাদের লং মার্চে যেতে বাধ্য করেছে। সরকার আমাদের রাজপথে নামতে বাধ্য করেছে।’
তিনি বলেন, তাদের আন্দোলনের লড়াই অনেক আগে থেকেই শুরু হয়েছে। শহীদ তিতুমীর, হাজী শরীয়তুল্লাহ ও মওলানা ভাসানীর আন্দোলনের ধারাবাহিকতায় তারা আজকের লং মার্চে অংশ নিয়েছেন বলে মন্তব্য করেন তিনি।
সরকার কেন লং মার্চ করা হচ্ছে—এমন প্রশ্ন তুলেছে উল্লেখ করে এনসিপির এই নেতা বলেন, ১১ দলীয় ঐক্যের আট দফা দাবি স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। সরকার এসব দাবি বুঝতে না পারলে তাদের ‘শিক্ষিত করতে প্রস্তুত’ বলেও মন্তব্য করেন তিনি।
গত দিনের কর্মসূচির প্রসঙ্গ তুলে তিনি বলেন, গুমের প্রতিবাদে সংসদে ১১ দলীয় জোট ও বিরোধী দলের নেতারা কালো কাপড় বেঁধে ‘কালো দিবস’ পালন করেছেন। একই সঙ্গে সংসদ থেকে ওয়াকআউট করে সরকারের কাছে বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সংসদে আলোচনা হলে লং মার্চ কেন—সরকারের এমন প্রশ্নের জবাব হলো, সংসদে গুম ও অন্যান্য সমস্যার সমাধান করা গেলে তাদের রাজপথে নামতে হতো না।
তিনি আরও বলেন, ওসমান হাদির বিচার, মানবাধিকার রক্ষা, গুমের আইন, সাইবার সিকিউরিটি আইন এবং এসআরবি বিলুপ্তকরণসহ বিভিন্ন দাবিতে তাদের আন্দোলন চলবে। তিস্তাপাড়ের মানুষের দুর্ভোগ নিরসন ও দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য তারা আন্দোলন চালিয়ে যাবেন বলেও জানান তিনি।
তিনি বলেন, ‘আজকের মিছিল রংপুরের উদ্দেশ্যে শুরু হয়েছে। আজাদীর মিছিল সিলেটে যাবে। আজাদীর মিছিল বাংলাদেশের প্রতিটি ঘরে যাবে।’ এরপর তিনি তারেক রহমানকে নিয়ে একটি রাজনৈতিক স্লোগান দেন।
এমকে/বিএম২৪









