রাষ্ট্র চাপাবাজিতে, নেতারা লুটপাটে ব্যস্ত: হামিদুর রহমান আযাদ
সূত্রঃ সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্রকে তরুণ সমাজের দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ বলেছেন, রাষ্ট্র বক্তৃতা ও চাপাবাজিতে ব্যস্ত, আর দলীয় নেতারা দাঙ্গাবাজি, চাঁদাবাজি ও লুটপাটে ব্যস্ত। ফলে যুব সমাজ নিয়ে কাজ করার সময় বা সুযোগ কারও নেই।
বুধবার (১২ আগস্ট) আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত যুব র্যালিতে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
হামিদুর রহমান আযাদ বলেন, বাংলাদেশের তরুণরা মেধাবী, পরিশ্রমী ও দেশপ্রেমিক। দেশপ্রেমিক ও সাহসী তরুণদের দমিয়ে রাখা যায় না। তারা ঐক্যবদ্ধ হলে ইতিহাস রচনা করতে পারে।
জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে তরুণরা ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিল। কিন্তু সেই স্বপ্ন ও সম্ভাবনাকে বর্তমান সরকার ম্লান করে দিচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি বলেন, নতুন বাংলাদেশকে সমৃদ্ধ, মানবিক, উন্নত ও আত্মনির্ভরশীল করতে হলে সংস্কারের কোনো বিকল্প নেই। দুর্নীতি, লুটপাট, অর্থপাচার ও রাষ্ট্রীয় তছরুপ বন্ধে জনগণের গণরায়ের বাস্তবায়ন করতে হবে।
মানবাধিকার কমিশন ও দুর্নীতি দমন কমিশনকে স্বাধীন ও শক্তিশালী করার দাবি জানিয়ে তিনি বলেন, এসব প্রতিষ্ঠান কার্যকর হলে রাজনৈতিক কারণে গুম-খুনসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে জবাবদিহি নিশ্চিত করা সম্ভব হবে। একই সঙ্গে সরকারের এমপি-মন্ত্রীসহ দুর্নীতি ও লুটপাটে জড়িতদেরও জবাবদিহির আওতায় আনতে হবে।
তরুণদের বেকারত্বের কথা উল্লেখ করে জামায়াতের এই নেতা বলেন, দেশের মানুষ এখনো বেকারত্বের দুর্ভোগে রয়েছে। বিশেষ করে উচ্চশিক্ষিত তরুণদের একটি বড় অংশ কর্মহীন। তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করতে কর্মমুখী শিক্ষা ও বাস্তবভিত্তিক পরিকল্পনা প্রয়োজন।
শিক্ষাঙ্গনে দখল ও চাঁদাবাজির অভিযোগ তুলে তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতে শিক্ষায় বড় বাজেট দেওয়ার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে। শিক্ষাঙ্গনে সন্ত্রাস, দখল ও চাঁদাবাজি বন্ধ করতে হবে।
তরুণদের উদ্যোক্তা, বিজ্ঞানী ও উদ্ভাবক হিসেবে গড়ে ওঠার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের মেধাবী তরুণরা পর্যাপ্ত সুযোগ না পেয়ে বিদেশে পাড়ি জমাচ্ছে। সেখানে তারা গবেষণা ও উদ্ভাবনে সাফল্য দেখাচ্ছে। দেশে তাদের মেধার যথাযথ মূল্যায়ন ও গবেষণার সুযোগ তৈরি করা গেলে বাংলাদেশ আরও অনেক দূর এগিয়ে যেতে পারত।
তিনি আরও বলেন, মেধা পাচার বন্ধ করতে তরুণদের জন্য দেশে কর্মসংস্থান, গবেষণা ও উদ্ভাবনের পরিবেশ তৈরি করতে হবে। শুধু বক্তৃতা নয়, তরুণদের ভবিষ্যৎ গড়ার জন্য কার্যকর উদ্যোগ নিতে হবে।
তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে হামিদুর রহমান আযাদ বলেন, অন্যায়ের বিরুদ্ধে যুব সমাজকে জাগতে হবে এবং ঐক্যবদ্ধ হতে হবে। জামায়াতে ইসলামীকে দায়িত্ব দেওয়া হলে তারা তরুণ সমাজকে দেশ গঠনের উপযোগী করে গড়ে তুলবে বলেও তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে তিনি তরুণদের দেশকে পিছিয়ে যেতে না দেওয়ার শপথ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তরুণদের যোগ্য করে গড়ে তুলে তাদের স্বপ্ন বাস্তবায়নের সুযোগ দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
র্যালিতে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেনসহ মহানগরের নেতারা অংশ নেন।
এমকে/বিএম২৪









