রাষ্ট্রপতি নির্বাচন: আজ গুরুত্বপূর্ণ বৈঠকে বিএনপি
সূত্রঃ ছবি: সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি। আজ শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় অনুষ্ঠিতব্য এ বৈঠকে রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী চূড়ান্ত করার পাশাপাশি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হবে।
দলীয় সূত্র জানিয়েছে, বৈঠকের মূল আলোচ্য বিষয় হতে পারে নতুন রাষ্ট্রপতি নির্বাচন। এ লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় স্থায়ী কমিটির এ বৈঠক আহ্বান করেছেন।
এর আগে ২৬ জুলাই বগুড়ায় এক অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, রাষ্ট্রপতি পদে দলীয় নাকি নির্দলীয় কাউকে মনোনয়ন দেওয়া হবে, সে সিদ্ধান্ত সংবিধান ও আইন অনুযায়ী দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকেই নেওয়া হবে।
যদিও সম্ভাব্য প্রার্থীদের বিষয়ে দলের জ্যেষ্ঠ নেতারা আনুষ্ঠানিকভাবে মুখ খুলছেন না। তবে রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম। দীর্ঘ সময় ধরে দলের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন, রাজনৈতিক সংকট মোকাবিলায় নেতৃত্ব এবং দলীয় ও জাতীয় পর্যায়ে গ্রহণযোগ্য ভাবমূর্তির কারণে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে তিনি এগিয়ে আছেন বলে সংশ্লিষ্টদের ধারণা।
এ ছাড়া স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান এবং নজরুল ইসলাম খানের নামও সম্ভাব্য প্রার্থী হিসেবে বিভিন্ন মহলে আলোচনায় রয়েছে।
দলটির একাধিক নেতার মতে, রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ পদে দলের জ্যেষ্ঠ ও অভিজ্ঞ নেতাদের মধ্য থেকেই কাউকে মনোনয়ন দেওয়া উচিত। তাদের ভাষ্য, এ দায়িত্ব সফলভাবে পালনের জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে সুসম্পর্ক ও রাজনৈতিক অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিএনপির দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছে, চলতি আগস্টের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। সে কারণে দলীয় মনোনয়ন নিয়ে আজকের বৈঠকে বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এই পদে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ওপরই ছেড়ে দেওয়া হতে পারে বলে স্থায়ী কমিটির একাধিক নেতার ধারণা।
উল্লেখ্য, সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর বর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন হাফিজ উদ্দিন আহমদ। নতুন রাষ্ট্রপতি কে হচ্ছেন, তা নিয়ে কয়েক দিন ধরেই দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে।









