মানুষ বলছে আর কখনও বিএনপিকে ভোট দেব না : কর্নেল অলি আহমদ

প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ পিএম
মানুষ বলছে আর কখনও বিএনপিকে ভোট দেব না : কর্নেল অলি আহমদ

সূত্রঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, বর্তমান সরকারের বিষয়ে মানুষের মধ্যে হতাশা তৈরি হয়েছে। অনেকেই বলছেন, তারা আর কখনো বিএনপিকে ভোট দেবেন না।


শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মতিঝিলে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লং মার্চের উদ্বোধনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।


অলি আহমদ বলেন, ‘আমার ৮৮ বছরের জীবনে কখনো শুনিনি, কোনো সরকার গঠনের পরই মানুষ বলতে শুরু করেছে যে সরকার টিকবে না। কিন্তু এখন দেখছি নারী-পুরুষ অনেকেই নিজেদের ক্ষোভ প্রকাশ করছেন এবং বলছেন, আর কখনো বিএনপিকে ভোট দেবেন না।’


তিনি বলেন, এত সকালে বিপুলসংখ্যক মানুষ সমাবেশে উপস্থিত হয়েছেন, যা অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষে আয়োজন করা সম্ভব নয় বলে তিনি মনে করেন।


তারেক রহমানের উদ্দেশে অলি আহমদ বলেন, তিনি চাইলে দেখতে পারেন তার দলের নেতাকর্মীরা ঘুম থেকে উঠে মাঠে আসেন কি না।


এলডিপি সভাপতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের প্রসঙ্গ তুলে প্রশ্ন করেন, তিনি আগে গ্যাস ও বিদ্যুতের সংকট নিয়ে সরকারকে যে অবস্থান থেকে কথা বলেছিলেন, এখন সেই অবস্থান কী আছে?


স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের বক্তব্যের প্রসঙ্গেও কথা বলেন অলি আহমদ। তিনি বলেন, কোরআন ও সুন্নাহর বাইরে কোনো কাজ করবেন না—এমন বক্তব্য তিনি দিয়েছেন। এখন তিনি আগের অবস্থানে আছেন কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন অলি আহমদ।


দেশ পরিচালনায় সৎ ও ঈমানদার ব্যক্তিদের দায়িত্ব দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বেইমান, মুনাফেক ও বিদেশি দালালদের দিয়ে দেশ পরিচালনা করা যাবে না।’


১১ দলীয় ঐক্যের কর্মসূচি প্রসঙ্গে অলি আহমদ বলেন, জনগণের দাবি-দাওয়া মেনে না নিলে নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে সরকারকে তা মানতে বাধ্য করা হবে। তাদের কর্মসূচির প্রথম ধাপ শেষ হয়েছে এবং এখন দ্বিতীয় ধাপ শুরু হয়েছে বলেও জানান তিনি।


লং মার্চে অংশ নেওয়া নেতাকর্মীদের শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, তারা কোনো সন্ত্রাসী সংগঠন নন। জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই তাদের এই কর্মসূচি।


তিনি আরও বলেন, লং মার্চের পথে কেউ বাধা দিলে তা মোকাবিলা করা হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্যই তারা চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করছেন।


সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকও বক্তব্য দেন। তিনি অভিযোগ করেন, সরকার দায়িত্ব নেওয়ার শুরুতেই জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।


মামুনুল হক বলেন, সরকার সঠিক পথে না ফিরলে আন্দোলন আরও কঠোর হবে। লং মার্চের মাধ্যমে সরকারকে জনগণের বার্তা দেওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।



এমকে/বিএম২৪