বিরোধীদলীয় নেতার সঙ্গে আইপিইউ মহাসচিবের বৈঠক
সূত্রঃ সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফররত ইন্টারন্যাশনাল পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব আন্দা ফিলিপ।
সোমবার (৩১ আগস্ট) জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে সংসদীয় গণতন্ত্র শক্তিশালী করা, জাতীয় সংসদকে আরও কার্যকর করা এবং সরকারি ও বিরোধী দলের মধ্যে সমতাভিত্তিক অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।
আলোচনায় গুরুত্বপূর্ণ জাতীয় ও আন্তর্জাতিক ইস্যুতে সংসদ সদস্যদের মধ্যে নিয়মিত সংলাপ ও মতবিনিময় অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি সংসদীয় কমিটিগুলোর কার্যকারিতা বাড়ানো এবং তরুণ সংসদ সদস্যদের অংশগ্রহণ বৃদ্ধির বিষয়েও মতবিনিময় করেন তারা।
আইপিইউ মহাসচিব বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের অগ্রযাত্রায় সংস্থাটির পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। বৈঠক শেষে উভয় পক্ষ পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করে।
সাক্ষাৎকালে জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার নাজিব মোমেন, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান ও উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে জুলাই গণ-অভ্যুত্থানের আহত চার যোদ্ধা জসীমউদ্দিন খান, কামরুল হাসান, রিফাত হাওলাদার ও জাকির শিকদার উপস্থিত ছিলেন।
এমকে/বিএম২৪









