বাঁধনের ওপর হামলার ঘটনায় সরব সারজিস আলম

প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ এএম
বাঁধনের ওপর হামলার ঘটনায় সরব সারজিস আলম

সূত্রঃ ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক


ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও তাঁর পরিবারের ওপর হামলার অভিযোগের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন সারজিস আলম। বাঁধনের প্রতি সমর্থন জানিয়ে তিনি গর্ব প্রকাশ করেছেন। একই সঙ্গে হামলার অভিযোগে জড়িতদের তীব্র সমালোচনা করেছেন তিনি।


মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোরে দেওয়া এক ফেসবুক পোস্টে সারজিস আলম লেখেন, ‘আজমেরী হক বাঁধন, আমরা আপনাকে নিয়ে গর্বিত।’


দেশের মানুষের জন্য এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনে বাঁধনের ভূমিকার কথাও পোস্টে তুলে ধরেন তিনি।


হামলার শিকার হওয়ার পরও বাঁধন হামলাকারীদের ‘বাঙালি ভাই’ হিসেবে সম্বোধন করেছেন উল্লেখ করে সারজিস বলেন, এমন পরিস্থিতিতেও বাঁধনের এই আচরণ প্রশংসনীয়। একই সঙ্গে হামলাকারীদের কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করে তিনি বলেন, এ ধরনের আচরণ মানবিকতা ও বিবেকবোধের পরিপন্থী।


বাঁধনের উদ্দেশে সারজিস আরও লেখেন, ‘এসবের জন্য বিন্দুমাত্র কষ্ট পাবেন না। আমরা সবাই আপনার সঙ্গে আছি। পুরো বাংলাদেশ আপনার সঙ্গে।’


এর আগে ইতালির ভেনিসে বাঁধন ও তাঁর পরিবারের ওপর হামলার অভিযোগ ওঠে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ব্যক্তি প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন।


তবে হামলার অভিযোগের বিষয়ে ঘটনার বিস্তারিত তথ্য এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য এখনো জানা যায়নি।