বঙ্গবন্ধুর দ্বিতীয় মৃত্যু ঘটে শেখ হাসিনার আমলে: আসিফ নজরুল
সূত্রঃ ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক
শেখ হাসিনার আমলে বঙ্গবন্ধুর দ্বিতীয় মৃত্যু ঘটে বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ড. আসিফ নজরুল।
শনিবার (১৫ আগস্ট) শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার নিজ ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।
পোস্টের শুরুতেই ড. আসিফ নজরুল লেখেন, ‘বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানানোর বহু কারণ আছে। আমি আগেও বলতাম, এখনও বিশ্বাস করি, উনার জন্ম না হলে অন্তত ১৯৭১ সালে আমাদের দেশ স্বাধীন হতো না। ১৯৪৮ থেকে ১৯৭১ পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা ও স্বাধিকার আন্দোলনে উনার অবদান অনস্বীকার্য ও অতুলনীয়। তিনি আমাদের স্বাধীনতার স্থপতি।’
তিনি আরও উল্লেখ করেন যে, এই দীর্ঘ সময়ে গণতন্ত্র, মানুষের অর্থনৈতিক মুক্তি এবং রাজনৈতিক ভিন্নমতের প্রতি বঙ্গবন্ধুর সুস্পষ্ট কমিটমেন্ট ছিল, যা ১৯৭২ সালের ৪ নভেম্বর পর্যন্ত গণপরিষদের বিতর্কের দলিলেও প্রতিফলিত হয়।
তবে স্বাধীনতা-পরবর্তী শাসনব্যবস্থার সমালোচনা করে ড. আসিফ নজরুল বলেন, বঙ্গবন্ধু দেশ পরিচালনায় দক্ষ ছিলেন না এবং ১৯৭১-পরবর্তী সময়ে বাংলাদেশ পরিচালনা করাও নানা কারণে অত্যন্ত দুরূহ ছিল। তার মতে, কোনো বাস্তবতাই ১৯৭২ সাল থেকে বঙ্গবন্ধুর ক্রমে ক্রমে আরও অত্যাচারী ও স্বৈরাচারী শাসকে পরিণত হওয়া, দুর্ভিক্ষের বাস্তবতা, নির্বিচার হত্যা এবং একদলীয় শাসন প্রতিষ্ঠাকে আড়াল বা ন্যায়সংগত করতে পারে না।
শেখ হাসিনার শাসনের প্রভাব তুলে ধরে সাবেক এই উপদেষ্টা বলেন, কয়েক বছরের দুঃশাসনের স্মৃতি থাকা সত্ত্বেও বহু মানুষ স্বাধীনতা সংগ্রামে জীবনব্যাপী অবদানের জন্য বঙ্গবন্ধুকে ভালোবাসতেন। তবে শেখ হাসিনার শাসনকাল সেই ভালোবাসার প্রকাশকে কঠিন করে তুলেছিল।
শেখ হাসিনার শাসনকে আইডেনটিটি-বেসড ফ্যাসিজমের নিকৃষ্ট উদাহরণ হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, নিজের নিষ্ঠুর শাসন চাপিয়ে দিতে শেখ হাসিনা তার বাবাকে যথেচ্ছ ব্যবহার করেছেন, যা বঙ্গবন্ধুকে জুলাই গণঅভ্যুত্থানের প্রতিপক্ষ করে তুলেছিল। বঙ্গবন্ধুর দ্বিতীয় মৃত্যু ঘটে শেখ হাসিনার আমলে, অনেকটা তারই হাতে।
পোস্টের শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্টের নির্মম হত্যাকাণ্ডের কথা স্মরণ করে তিনি লেখেন, ‘আজ বঙ্গবন্ধুর প্রথম মৃত্যুর ৫১তম বার্ষিকী। ১৯৭৫ সালের এই দিনে এক নির্মম হত্যাকাণ্ডে প্রায় গোটা পরিবারসহ প্রাণ হারান তিনি। বঙ্গবন্ধুর জন্য ভালোবাসা। দোয়া।’
এমকে/বিএম২৪








