বঙ্গবন্ধুর অবদান অতুলনীয়: আসিফ নজরুল

প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৬, ০৪:২০ পিএম
বঙ্গবন্ধুর অবদান অতুলনীয়: আসিফ নজরুল

সূত্রঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ও স্বাধিকার আন্দোলনে অনন্য অবদান রেখেছেন বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেছেন, বঙ্গবন্ধু স্বাধীনতার স্থপতি হলেও পরবর্তী সময়ে তার শাসনব্যবস্থার নানা দিকের সমালোচনা করার সুযোগ রয়েছে।


শনিবার (১৫ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা বলেন আসিফ নজরুল।


স্ট্যাটাসে তিনি লেখেন, বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানানোর অনেক কারণ রয়েছে। ১৯৪৮ থেকে ১৯৭১ সাল পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা ও স্বাধিকার আন্দোলনে বঙ্গবন্ধুর ভূমিকা ছিল অনস্বীকার্য ও অতুলনীয়। তার জন্ম না হলে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জন সম্ভব হতো না বলেও তিনি মনে করেন।


আসিফ নজরুল বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে গণতন্ত্র, মানুষের অর্থনৈতিক মুক্তি এবং রাজনৈতিক ভিন্নমতের প্রতি বঙ্গবন্ধুর অঙ্গীকারের প্রতিফলন পাওয়া যায়। তবে দেশ পরিচালনায় তিনি দক্ষ ছিলেন না এবং স্বাধীনতার পরের বাংলাদেশ পরিচালনাও নানা কারণে অত্যন্ত কঠিন ছিল।


তিনি আরও বলেন, এসব বাস্তবতা বঙ্গবন্ধুর শাসনামলে ক্রমশ কর্তৃত্ববাদী হয়ে ওঠার বিষয়টিকে সমর্থন করে না। ওই সময়ের দুর্ভিক্ষ, নির্বিচারে হত্যাকাণ্ড এবং একদলীয় শাসন প্রতিষ্ঠার বাস্তবতাও কোনোভাবে আড়াল করা যায় না।


বঙ্গবন্ধুর শাসনামলের সমালোচনা করলেও স্বাধীনতা সংগ্রামে তার দীর্ঘদিনের অবদানের জন্য তাকে ভালোবাসা ও শ্রদ্ধা করেন বলে জানান আসিফ নজরুল। তবে শেখ হাসিনার শাসনামলে বঙ্গবন্ধুকে রাজনৈতিকভাবে ব্যবহারের কারণে তার মতো মানুষের জন্য সেই ভালোবাসার প্রকাশ কঠিন হয়ে পড়েছিল বলে মন্তব্য করেন তিনি।


শেখ হাসিনার শাসনকে ‘আইডেনটিটি-বেসড ফ্যাসিজমের’ উদাহরণ উল্লেখ করে আসিফ নজরুল বলেন, নিজের শাসনব্যবস্থা প্রতিষ্ঠায় শেখ হাসিনা তার বাবাকে যথেচ্ছভাবে ব্যবহার করেছেন। এর ফলে বঙ্গবন্ধুকে জুলাই গণঅভ্যুত্থানের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানো হয়েছিল বলেও তিনি মন্তব্য করেন।


পোস্টের শেষাংশে আসিফ নজরুল ১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকাণ্ডের কথা স্মরণ করে বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা ও দোয়া জানান।



এমকে/বিএম২৪