ন্যায়বিচারে আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: আব্দুল হালিম
সূত্রঃ সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবুল হাসনাত মো. আব্দুল হালিম বলেছেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণ করে মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
মঙ্গলবার (১৮ আগস্ট) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে সীরাতুন্নবী (সা.) মাহফিল উদযাপন কমিটি, সুপ্রিম কোর্ট শাখার উদ্যোগে আয়োজিত মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি আলী হাসান উসামা।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মো. মসিউল আলমের সভাপতিত্বে এবং অ্যাডভোকেট সাইফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. ইউসুফ আলী, অ্যাডভোকেট আবদুর রাজ্জাক, অ্যাডভোকেট আবদুল বাতেন, অ্যাডভোকেট শফিকুর রহমান ও অ্যাডভোকেট তারিকুল ইসলামসহ অনেকে।
এ সময় সিনিয়র অ্যাডভোকেট খালিদ আহমেদ, সিনিয়র অ্যাডভোকেট আবদুল হক, সিনিয়র অ্যাডভোকেট মনির হোসেন, ব্যারিস্টার বেলায়েত হোসেন, অ্যাডভোকেট এস এম জাহাঙ্গীর আলম, অ্যাডভোকেট আবদুল করিম, অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন ও অ্যাডভোকেট আবদুল কাইয়ুম ভুঁইয়াসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
প্রধান আলোচক মুফতি আলী হাসান উসামা কোরআনের আয়াত উদ্ধৃত করে বলেন, আইনজীবীদের অন্যায় ও বিশ্বাসঘাতকতার পক্ষে না দাঁড়ানোর অঙ্গীকার করতে হবে। কোনো বাতিল শক্তিকে সহযোগিতা না করারও আহ্বান জানান তিনি।
আইনজীবীদের উদ্দেশে তিনি বলেন, রিজিকের মালিক আল্লাহ। তাই জীবিকার অজুহাতে অন্যায়ের সঙ্গে আপস করা যাবে না। ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়া এবং মজলুম মানুষের পাশে দাঁড়াতে তিনি আইনজীবীদের প্রতি আহ্বান জানান।
তিনি আরও বলেন, সীরাতুন্নবী (সা.) মাহফিলের মূল উদ্দেশ্য হওয়া উচিত মহানবী (সা.)-এর আদর্শ ব্যক্তি জীবন থেকে শুরু করে পরিবার, সমাজ ও রাষ্ট্রব্যবস্থায় প্রতিষ্ঠা করা।
এমকে/বিএম২৪









