জামায়াত-এনসিপির লংমার্চে আওয়ামী লীগের ফেরার পথ তৈরি হচ্ছে: রাশেদ খাঁন
সূত্রঃ সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম অভিমুখী লংমার্চ আগামী ডিসেম্বরে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার পথ তৈরি করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে ঝিনাইদহ সদর উপজেলার মুরারীদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খাঁন বলেন, জামায়াত ও এনসিপি আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে সরকার পতন করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। তবে জনগণ তাদের সেই স্বপ্ন বাস্তবায়ন হতে দেবে না।
সম্প্রতি জামায়াতের এমপি আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের একটি বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, বিরোধী দলের সঙ্গে বিএনপি সরকার আওয়ামী লীগের চেয়েও খারাপ আচরণ করছে—এমন অভিযোগের তীব্র প্রতিবাদ জানাচ্ছেন তিনি।
জামায়াত ও এনসিপির সংসদ সদস্যরা সংসদে সরকারদলীয় এমপিদের মতো সুযোগ-সুবিধা দাবি করছেন বলেও মন্তব্য করেন রাশেদ খাঁন। তিনি প্রশ্ন করেন, তারা কি বর্তমানে কোনো সুযোগ-সুবিধা পাচ্ছেন না?
তিনি আরও বলেন, জামায়াত দীর্ঘ ১৭ বছর তাদের কার্যালয়ের তালা খুলতে পারেনি। এখন তারা আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে সরকার পতন করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। কিন্তু জনগণ তাদের এই পরিকল্পনা সফল হতে দেবে না।
সংবর্ধনা অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহসভাপতি আক্তারুজ্জামান, মুন্সি কামাল আজাদ পান্নুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমকে/বিএম২৪









