ক্যাম্পাসে সন্ত্রাস ফেরানোর চেষ্টা চলছে: নাহিদ ইসলাম
সূত্রঃ সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
ঢাকা, ৪ আগস্ট: শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আবারও সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হল দখল, আধিপত্য বিস্তার এবং ক্যাম্পাস নিয়ন্ত্রণের অপচেষ্টা শুরু হয়েছে।
মঙ্গলবার রাজধানীর আফতাবনগরের সিরাজ কনভেনশন সেন্টারে জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় ছাত্রশক্তি সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার আয়োজিত ‘From Resistance to Victory: Legacy of July’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম অভিযোগ করেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদ প্রতিনিধি ও ছাত্রশক্তির নেতৃত্বের ওপর হামলার ঘটনা ঘটেছে। পাশাপাশি ঢাকা কলেজ, ঢাকা আলিয়া মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল ও তাদের সহযোগীদের মাধ্যমে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা চলছে বলেও তিনি দাবি করেন। এছাড়া হবিগঞ্জে এনসিপির কর্মী আলিফের ওপর নৃশংস হামলার ঘটনাও তিনি উল্লেখ করেন।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, অতীত থেকে শিক্ষা নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কোনো ধরনের সংঘাতে না জড়াতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে গণতান্ত্রিক পরিবেশ বজায় রেখে শিক্ষার্থীদের নির্বিঘ্নে পড়াশোনার সুযোগ নিশ্চিত করার পাশাপাশি কর্মসংস্থানের ব্যবস্থা করারও আহ্বান জানান তিনি। একই সঙ্গে ক্ষমতার অপব্যবহার ও দখলদারিত্বের মানসিকতা থেকে সরকারকে সরে আসার পরামর্শ দেন।
জুলাই আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকার প্রশংসা করে নাহিদ ইসলাম বলেন, ওই আন্দোলনে তাদের অংশগ্রহণ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা গণঅভ্যুত্থানের অন্যতম শক্তিতে পরিণত হয়েছিল। তিনি বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আত্মত্যাগ যথাযথভাবে সংরক্ষণ ও স্বীকৃতি দেওয়া প্রয়োজন। তবে এ বিষয়ে বর্তমান সরকারের দৃশ্যমান কোনো উদ্যোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, রাজনৈতিক পর্ষদ সদস্য আলী আহসান জুনায়েদ, যুগ্ম সদস্যসচিব রাফে সালমান রিফাত, জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান, সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারসহ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের নেতারা।
এমকে/বিএম২৪









