গুলশানে নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ
সূত্রঃ সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর গুলশানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছেন। এ সময় পুলিশের দিকে ককটেল নিক্ষেপ করা হলে দুটি ককটেল বিস্ফোরিত হয়। পরে পুলিশ রাবার বুলেট ছুড়ে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে গুলশান থানার ৩ নম্বর সড়কের কেএফসি-সংলগ্ন একটি গলিতে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, সেখানে প্রায় ১৫০ থেকে ২০০ জন নেতাকর্মী জড়ো হয়ে দৌড়ে দৌড়ে মিছিলের চেষ্টা করেন।
পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে গেলে তাদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়। এতে দুটি ককটেল বিস্ফোরিত হয়। পরে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছুড়লে মিছিলকারীরা দ্রুত সরে যান।
ঘটনার পর মিছিলে অংশ নেওয়া আরাফাত (২০) ও আব্দুর রহিম (৪৯) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে পাঁচটি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন বলেন, মিছিলটি প্রায় ৩০ সেকেন্ড স্থায়ী হয়েছিল। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। বর্তমানে গুলশান এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছেন। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ রাবার বুলেট ছুড়ছে।
এমকে/বিএম২৪








