সুরের কিংবদন্তি রুনা লায়লার ৭৪তম জন্মদিন আজ

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ১০:৪৩ পিএম
সুরের কিংবদন্তি রুনা লায়লার ৭৪তম জন্মদিন আজ

সংগৃহীত

বিনোদন ডেস্ক


ছয় দশকেরও বেশি সময় ধরে সুরের মায়াজালে কোটি শ্রোতাকে মুগ্ধ করে রেখেছেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। মঙ্গলবার (১৭ নভেম্বর) তাঁর ৭৪তম জন্মদিন। অসাধারণ কণ্ঠ, বৈচিত্র্যময় গান ও সংগীতে অনন্য অবদানের মধ্য দিয়ে তিনি জায়গা করে নিয়েছেন অগণিত ভক্তের হৃদয়ে।


জন্মদিনের বিশেষ দিনটি পরিবারের সঙ্গে কাটানোর পরিকল্পনা রয়েছে এই শিল্পীর। পাশাপাশি ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও সবার কাছে দোয়া চেয়েছেন, যেন জীবনের শেষ দিন পর্যন্ত গান গেয়ে যেতে পারেন।


১৯৫২ সালের ১৭ নভেম্বর সিলেটে এমদাদ আলী ও আমিনা লায়লার ঘরে জন্মগ্রহণ করেন রুনা লায়লা। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে তিনি একজন। তাঁর বোন দীনা লায়লা এবং ভাই সৈয়দ আলী মুরাদ। চিত্রনায়ক আলমগীরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই সংগীতশিল্পী।


জন্মদিন উদযাপন প্রসঙ্গে রুনা লায়লা বলেন, এই বয়সে মূলত পরিবারের সঙ্গেই জন্মদিন উদযাপন করা হয়। এবারও তেমন পরিকল্পনা রয়েছে। দেখতে দেখতে অনেক জন্মদিন পেরিয়ে গেছে। তবে ছোটবেলার জন্মদিনের স্মৃতিই বেশি মনে পড়ে। মা জামা বানিয়ে দিতেন, মজার মজার খাবার রান্না করতেন—এসব স্মৃতি এখনো বিশেষভাবে মনে পড়ে।


নিজের দীর্ঘ সংগীতজীবন নিয়ে স্মৃতিচারণা করে তিনি বলেন, দেখতে দেখতে সংগীতজীবনেরও ৬০ বছর পেরিয়ে গেছে। বাবা-মা, বড় বোন দীনা ও পরিবারের অন্যদের সহযোগিতা না পেলে এতদূর আসা সম্ভব হতো না। মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, আল্লাহ তাঁকে সুন্দর জীবন উপহার দিয়েছেন এবং এখনো সুস্থ ও ভালো রেখেছেন।


জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়ে এই কিংবদন্তি শিল্পী বলেন, তিনি যেন আজীবন গান গেয়ে যেতে পারেন, সে জন্য সবার কাছে দোয়া চান।


এদিকে জন্মদিনের পরদিনই বিশেষ সম্মাননায় ভূষিত হতে যাচ্ছেন রুনা লায়লা। বাংলাদেশের সংগীতাঙ্গনের প্রয়াত কিংবদন্তি বশির আহমেদের জন্মদিন উপলক্ষে তাঁকে দেওয়া হচ্ছে ‘আজীবন সম্মাননা’। বিষয়টি নিশ্চিত করেছেন ‘বশির আহমেদ সম্মাননা ২০২৬’-এর প্রধান উদ্যোক্তা হোমায়রা বশির ও রাজা বশির।


বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৪টায় সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে এ সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।


উল্লেখ্য, মাত্র ছয় বছর বয়সে দর্শকের সামনে প্রথম গান গেয়েছিলেন রুনা লায়লা। নয় বছর বয়সে গান গেয়ে অর্জন করেন প্রথম পুরস্কার। এরপর মাত্র সাড়ে ১১ বছর বয়সে পাকিস্তানি চলচ্চিত্র ‘জুগনু’তে প্লেব্যাকের মাধ্যমে চলচ্চিত্রের গানে অভিষেক হয় তাঁর।


বাংলা, উর্দু, হিন্দি, পাঞ্জাবি, সিন্ধি, গুজরাটি, বালুচ, ফারসি, আরবি, স্প্যানিশ, ফরাসি ও ইংরেজিসহ বিভিন্ন ভাষায় গান গেয়ে আন্তর্জাতিক অঙ্গনেও নিজের অবস্থান তৈরি করেছেন তিনি। উপমহাদেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে পড়েছে তাঁর কণ্ঠের মাধুর্য।


সংগীতজীবনে অসাধারণ সাফল্যের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন অসংখ্য পুরস্কার ও সম্মাননা। সুরকার নিসার বাজমির সুরে মাত্র তিন দিনে ১০টি করে মোট ৩০টি গান রেকর্ড করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখান তিনি।


১৮টি ভাষায় গান গাওয়া এবং নিজের সংগীতজীবন নিয়ে নির্মিত ‘শিল্পী’ সিনেমায় অভিনয়—সব মিলিয়ে রুনা লায়লা কেবল একজন সংগীতশিল্পী নন, উপমহাদেশের সংগীত ইতিহাসের এক জীবন্ত কিংবদন্তি।


এমকে/বিএম২৪