হৃদযন্ত্রের দুটি ভালভ নষ্ট, অর্থাভাবে মৃত্যুর প্রহর গুনছেন পঞ্চগড়ের শহীদ

প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ পিএম
হৃদযন্ত্রের দুটি ভালভ নষ্ট, অর্থাভাবে মৃত্যুর প্রহর গুনছেন পঞ্চগড়ের শহীদ

সংগৃহীত

পঞ্চগড় প্রতিনিধি


পঞ্চগড় সদর উপজেলার সদর ইউনিয়নের বলেয়াপাড়া গ্রামের দরিদ্র পরিবারের সন্তান শহীদ আলম (২৫)। পেশায় চাতাল শ্রমিক। হৃদযন্ত্রের দুটি ভালভ নষ্ট হয়ে যাওয়ায় জরুরি ভিত্তিতে অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন চিকিৎসক। তবে অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসা করাতে পারছেন না তিনি। পরিবারটির আশঙ্কা, দ্রুত চিকিৎসার ব্যবস্থা না হলে শহীদকে বাঁচানো কঠিন হয়ে পড়বে।


পরিবার সূত্রে জানা যায়, কিছুদিন আগে চাতালে কাজ করার সময় হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন শহীদ। একপর্যায়ে তাঁর রক্তবমি শুরু হয়। দ্রুত তাঁকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় সেখান থেকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হয়।


সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর সহকারী রেজিস্ট্রার ডা. মো. আসিফ আহসান চৌধুরী জানান, শহীদের হৃদযন্ত্রের দুটি ভালভ নষ্ট হয়ে গেছে। দ্রুত অস্ত্রোপচারের মাধ্যমে ভালভ প্রতিস্থাপন করতে হবে। এ চিকিৎসায় প্রায় ৮ থেকে ১০ লাখ টাকা প্রয়োজন। এক মাসের মধ্যে অস্ত্রোপচার না করালে তাঁর জীবন ঝুঁকির মুখে পড়তে পারে বলেও চিকিৎসক জানিয়েছেন।


শহীদের বাবা নুর ইসলাম বলেন, পঞ্চগড়, দিনাজপুর, রংপুর ও ঢাকায় চিকিৎসা করাতে ইতোমধ্যে এক লাখ টাকার বেশি খরচ হয়েছে। বাড়ির একমাত্র সম্বল গরু, হাঁস-মুরগি বিক্রি করে এবং এলাকাবাসীর সহযোগিতায় ছেলের চিকিৎসা চালিয়ে যাচ্ছেন তাঁরা। কিন্তু ভালভ প্রতিস্থাপনের জন্য প্রয়োজনীয় বিপুল অর্থ জোগাড় করা তাঁদের পক্ষে সম্ভব হচ্ছে না।


ছেলেকে বাঁচাতে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষের কাছে আর্থিক সহযোগিতা চেয়েছেন নুর ইসলাম। তিনি জানান, সবার সহযোগিতা পেলে দ্রুত ছেলের অস্ত্রোপচারের ব্যবস্থা করতে পারবেন।


শহীদের চিকিৎসায় সহযোগিতা পাঠানোর ঠিকানা:


মোবাইল নম্বর: ০১৮৪৫-০১৬১৪৮


এমকে/বিএম২৪