অর্থ সাহায্য চাইতে গিয়ে অশালীন প্রস্তাবের অভিযোগ, মুখ খুললেন মডেল আকাঙ্ক্ষা
সূত্রঃ ফাইল ছবি
বিনোদন ডেস্ক
ভারতের মডেল আকাঙ্ক্ষা চৌধুরী অর্থ সাহায্য চাইতে গিয়ে এক প্রভাবশালী ব্যক্তির কাছ থেকে অশালীন প্রস্তাব পাওয়ার অভিযোগ তুলেছেন। সম্প্রতি রিয়্যালিটি শো ‘লক আপ: সাচ ইয়া সাজা’ থেকে বিদায় নেওয়ার সময় তিনি নিজের জীবনের এই তিক্ত অভিজ্ঞতার কথা প্রকাশ করেন।
আকাঙ্ক্ষার দাবি, একটি সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিতে পোশাক, প্রশিক্ষণসহ বিভিন্ন খাতে ১ থেকে ২ লাখ রুপি প্রয়োজন ছিল। আর্থিক সংকটের কারণে পরিবারের পক্ষে সেই অর্থ জোগাড় করা সম্ভব হয়নি। পরে তিনি দীর্ঘদিনের পরিচিত এবং সৌন্দর্য প্রতিযোগিতার জগতের এক প্রভাবশালী ব্যক্তির কাছে সাময়িক আর্থিক সহায়তা চান।
তিনি জানান, কাজ করে ওই অর্থ পরিশোধ করার প্রস্তাব দিয়েছিলেন। তবে সাহায্যের আশ্বাস দিয়ে ওই ব্যক্তি তাকে নিজের বাসায় ডাকেন। সেখানে পৌঁছানোর পর তিনি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হন।
আকাঙ্ক্ষার অভিযোগ, বাসায় যাওয়ার পর ওই ব্যক্তি তাকে জড়িয়ে ধরেন এবং অশালীন আচরণ করেন। পরে অর্থ সহায়তার বিনিময়ে যৌন সম্পর্কের প্রস্তাব দেন। এমনকি নিয়মিত তার সঙ্গে শারীরিক সম্পর্ক রাখতে হবে বলেও শর্ত দেন।
মডেল জানান, তিনি সঙ্গে সঙ্গে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং বলেন, আগে থেকেই এমন উদ্দেশ্যের কথা জানলে তিনি কখনোই সেখানে যেতেন না। জবাবে ওই ব্যক্তি দাবি করেন, বিনোদন জগতে কাজ করতে হলে এসব মেনে নিয়েই এগোতে হয়।
অনুষ্ঠানে নিজের অভিজ্ঞতা প্রকাশ করার পর সঞ্চালক ফারাহ খান ও রিতেশ দেশমুখ আকাঙ্ক্ষার সাহসের প্রশংসা করেন। ফারাহ খান বলেন, এমন অভিজ্ঞতার কথা প্রকাশ্যে তুলে ধরার জন্য তিনি আকাঙ্ক্ষাকে সম্মান করেন এবং তার অবস্থানকে সঠিক বলে মনে করেন।
তবে আকাঙ্ক্ষা চৌধুরী অভিযুক্ত ব্যক্তির নাম প্রকাশ করেননি। অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তির কোনো বক্তব্যও এখন পর্যন্ত প্রকাশ্যে আসেনি।








