ইনফান্তিনোর পাশে দৃঢ়ভাবে দাঁড়াল সংযুক্ত আরব আমিরাত
সূত্রঃ ছবি: সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ঘিরে বিতর্ক ও চাপের মধ্যেই তার প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ফুটবল অ্যাসোসিয়েশন। সংস্থাটি বলেছে, আন্তর্জাতিক ফুটবলের স্বার্থ রক্ষা এবং সদস্য দেশগুলোর কল্যাণে নেওয়া যেকোনো ইতিবাচক উদ্যোগের পাশে থাকবে তারা।
সম্প্রতি ফিফার বিভিন্ন টুর্নামেন্টের বাণিজ্যিক স্বত্বের একটি অংশ বিক্রির প্রস্তাব ব্যাপক সমালোচনার মুখে পড়ে। বিশ্বজুড়ে ফুটবল সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের বিরোধিতার পর শেষ পর্যন্ত ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ নামে পরিচিত ওই পরিকল্পনা প্রত্যাহার করা হয়। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইউএই ফুটবল অ্যাসোসিয়েশন।
সংস্থাটির সভাপতি শেখ হামদান বিন মুবারক আল নাহিয়ানের নেতৃত্বে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, প্রস্তাবটি প্রত্যাহার আন্তর্জাতিক ফুটবল পরিবারের ঐক্য ও স্বার্থ রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে। পাশাপাশি ভবিষ্যতে ফুটবল, সমর্থক এবং বৈশ্বিক ফুটবল সম্প্রদায়ের স্বার্থ বিবেচনায় রেখে যেকোনো নতুন উদ্যোগ সতর্কতার সঙ্গে মূল্যায়নের আহ্বান জানানো হয়।
বিবৃতিতে আরও বলা হয়, ফুটবলের উন্নয়ন ত্বরান্বিত করা এবং আন্তর্জাতিক ফুটবল পরিবারকে ঐক্যবদ্ধ রাখে—এমন সব উদ্যোগকে ইউএই ফুটবল অ্যাসোসিয়েশন সমর্থন করে। একই সঙ্গে ফিফার নেতৃত্বে জিয়ান্নি ইনফান্তিনোর প্রতি তাদের পূর্ণ আস্থা পুনর্ব্যক্ত করা হয়েছে।
এমকে/বিডিমেইল২৪








