১৭ বছর পর আরসিসিআই নির্বাচন: ১৫ ভোটে সভাপতি হাসেন আলী, দুই প্যানেলে সমানতালে লড়াই

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৩৫ পিএম
১৭ বছর পর আরসিসিআই নির্বাচন: ১৫ ভোটে সভাপতি হাসেন আলী, দুই প্যানেলে সমানতালে লড়াই

ইব্রাহীম হোসেন সম্রাট,  রাজশাহী ব্যুরো:

দীর্ঘ ১৭ বছর পর অনুষ্ঠিত রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর দ্বিবার্ষিক নির্বাচনে মাত্র ১৫ ভোটের ব্যবধানে সভাপতি নির্বাচিত হয়েছেন হাসেন আলী। ‘খ’ প্যানেল থেকে হরিণ প্রতীক নিয়ে তিনি ১ হাজার ৪১ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ‘ক’ প্যানেলের খন্দকার মিজানুর রহমান ক্রিকেট ব্যাট প্রতীকে পান ১ হাজার ২৬ ভোট।

শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চেম্বার ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রাত সাড়ে ১১টার দিকে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আরিফ হোসেন।

নির্বাচনে দুই প্যানেলের মধ্যে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা হয়। ২১টি পদের মধ্যে ‘ক’ প্যানেল ১১টি এবং ‘খ’ প্যানেল ১০টি পদে জয় লাভ করে। পরিচালনা পর্ষদের ১৮টি পরিচালক পদের মধ্যে ‘ক’ প্যানেল পায় ১০টি এবং ‘খ’ প্যানেল পায় ৮টি পদ।

ঘোষিত ফলাফলে সিনিয়র সহ-সভাপতি পদে ‘ক’ প্যানেলের শামসুর রহমান শান্তন ঘুড়ি প্রতীকে ১ হাজার ১৭০ ভোট পেয়ে নির্বাচিত হন। সহ-সভাপতি পদে ‘খ’ প্যানেলের জিয়াউদ্দিন আহমেদ চশমা প্রতীকে ১ হাজার ৭৫ ভোট পেয়ে জয়ী হন।

‘ক’ প্যানেল থেকে নির্বাচিত পরিচালকরা হলেন— রেজাউল করিম, শাহ মো. মাইনুল হোসেন শান্ত চৌধুরী, হাসিবুল আলম, ইমাম মেহেদী, আহসান হাবীব, শাকিলুর রহমান, মো. কামরুজ্জামান, রুহুল আমীন, ফরহাদ হোসেন ও মোবাশ্বের আলী।

অন্যদিকে ‘খ’ প্যানেল থেকে নির্বাচিত পরিচালকরা হলেন— তৌহিদ হাসান, মাইনুল হক, মো. শামসুজ্জামান, তাসনিম হোসেন, গোলাম সাকলাইন, এ জে এম জান্নাতুল ইসলাম, আমিনুল ইসলাম ও মাহমুদ হাসান।

প্রধান নির্বাচন কমিশনার আরিফ হোসেন জানান, মোট ২ হাজার ৮৯৮ জন ভোটারের মধ্যে ২ হাজার ৪৩৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। দীর্ঘদিন পর নির্বাচন হওয়ায় ভোটারদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে এবং শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়।