কালবৈশাখীতে ক্ষতিগ্রস্তদের পাশে রেড ক্রিসেন্ট, আদিতমারী ও কালীগঞ্জে সহায়তা বিতরণ
মোঃ ওমর ফারুক সুমন, লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নন-ফুড আইটেম বিতরণ করা হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) দুপুর ১২টা ৩০ মিনিটে আদিতমারী উপজেলা মিলনায়তনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, লালমনিরহাট ইউনিটের উদ্যোগে উপজেলার ৪০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এই সহায়তা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য মোঃ রোকন উদ্দিন বাবুল (এমপি)। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি লালমনিরহাট ইউনিটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জিন্নাত আরা ফেরদৌসী, ইউএলও ইলিয়াস আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ আজিজা বেগম এবং আদিতমারী থানা অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হক। এছাড়াও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত একাধিক পরিবার জানান, হঠাৎ ঝড়ে তাদের ঘরবাড়ি ও দৈনন্দিন ব্যবহারের প্রয়োজনীয় জিনিসপত্র নষ্ট হয়ে যায়। এ অবস্থায় রেড ক্রিসেন্টের এই সহায়তা তাদের জন্য অনেকটা স্বস্তি এনে দিয়েছে। তারা দ্রুত পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সংসদ সদস্য মোঃ রোকন উদ্দিন বাবুল বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব। সরকার ও বিভিন্ন মানবিক সংগঠন সবসময় মানুষের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
পরে একই দিন বিকেল ২টা ৩০ মিনিটে কালীগঞ্জ উপজেলায় আরও ৬০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে একই ধরনের নন-ফুড আইটেম বিতরণ করা হয়।









