চবিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার প্ল্যাকার্ডে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ০৮:১১ পিএম
চবিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার প্ল্যাকার্ডে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি

আহমেদ মুনহা, চবি প্রতিনিধি:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে প্ল্যাকার্ড হাতে একক অবস্থান কর্মসূচি পালন করেছেন সংগঠনটির এক সাবেক নেতা। রোববার (১৯ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে এ কর্মসূচি পালন করেন চবি ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ওয়াহিদুল আলম।

প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি কিছু সময় প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে থেকে ছবি তুলে দ্রুত স্থান ত্যাগ করেন। পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

প্ল্যাকার্ডে লেখা ছিল— “ছাত্রলীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার কর, করতে হবে”, “রাজনৈতিক রাজবন্দিদের মুক্তি চাই, দিতেই হবে” এবং “প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ”।

জানা গেছে, ওয়াহিদুল আলমের বাড়ি বিশ্ববিদ্যালয়সংলগ্ন জোবরা গ্রামে। এর আগেও তিনি ক্যাম্পাস ও নিজ এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি বাস্তবায়নের চেষ্টা করেছেন। অতীতে সহিংস ঘটনার সঙ্গেও তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, “তিনি খুব অল্প সময়ের জন্য সেখানে অবস্থান করেছিলেন এবং বিষয়টি নজরে আসার আগেই চলে যান। আমরা তার পরিচয় শনাক্ত করার চেষ্টা করছি। তিনি আমাদের শিক্ষার্থী হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সিনিয়র সহকারী প্রক্টর ড. মো. কোরবান আলী জানান, শহীদ মিনার এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সংশ্লিষ্ট ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে।

এ ঘটনায় বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। চবি ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন বলেন, “এর আগেও একই ব্যক্তি নিষিদ্ধ সংগঠনের মিছিল করার চেষ্টা করেছে। প্রশাসনের দুর্বলতার সুযোগে তারা বারবার এমন কর্মকাণ্ড করছে।”

অন্যদিকে ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মো. পারভেজ বলেন, “যারা অতীতে সহিংস কর্মকাণ্ডে জড়িত ছিল, তাদের বিরুদ্ধে কঠোর একাডেমিক ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া উচিত।”