পৃথক অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২
ইব্রাহীম হোসেন সম্রাট, রাজশাহী ব্যুরো:
রাজশাহী মহানগরীতে চন্দ্রিমা ও বোয়ালিয়া থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন— চন্দ্রিমা থানার জামালপুর গ্রামের মৃত রতন মন্ডলের ছেলে মো. আয়নাল হক (৫৩) এবং একই থানার মুশরইল জলিলের মোড় নতুনপাড়া এলাকার মো. আবু বক্কর সিদ্দিকের ছেলে মো. আলম সিদ্দিক (৩০)।
রোববার (১৯ এপ্রিল) বিকালে আরএমপি’র পাঠানো এক প্রেস বিঙ্গিপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
পুলিশ জানায়, ১৭ এপ্রিল রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে চন্দ্রিমা থানার মেহেরচন্ডী দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে আয়নাল হককে আটক করা হয়। পরদিন ১৮ এপ্রিল বিকেল সাড়ে ৩টার দিকে বোয়ালিয়া থানার উপশহর এলাকা থেকে আলম সিদ্দিককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের দেহ তল্লাশি করে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।








