শিশু রামিসা হত্যা ও নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ২৬ মে ২০২৬, ০৭:২১ পিএম
শিশু রামিসা হত্যা ও নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

এ আর সুমন, অষ্টগ্রাম প্রতিনিধি:

শিশু রামিসা হত্যা এবং দেশব্যাপী নারী নির্যাতন, খুন ও ধর্ষণের ঘটনার প্রতিবাদে কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলায় মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। এ সময় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি, ন্যায়বিচার নিশ্চিত এবং নারী নিরাপত্তা জোরদারের দাবি জানানো হয়।

আজ মঙ্গলবার (২৬ মে) সকাল সাড়ে ১০টায় অষ্টগ্রাম উপজেলা পরিষদের ডিসি রোডের সামনে অষ্টগ্রাম উপজেলা সচেতন নাগরিক সমাজের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা শিশু রামিসা হত্যার সুষ্ঠু বিচার, নারী ও শিশু নির্যাতন বন্ধ এবং ধর্ষণ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

 বক্তারা বলেন, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করা জরুরি।

এ সময় উপস্থিত ছিলেন আলোকিত হাওর ফাউন্ডেশনের ভলেন্টিয়ারসহ বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন নাগরিক ও স্থানীয় ব্যক্তিবর্গ।

বক্তারা আরও বলেন, সমাজ থেকে ধর্ষণ, নারী নির্যাতন ও সহিংসতা নির্মূলে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রশাসনের কার্যকর ভূমিকা অত্যন্ত প্রয়োজন। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা নারী নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।