রামেকে ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত শিশুর মৃ/ত্যু, নতুন ভর্তি ১০

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ০৬:১১ পিএম
রামেকে ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত শিশুর মৃ/ত্যু, নতুন ভর্তি ১০

ইব্রাহীম হোসেন সম্রাট, রাজশাহী ব্যুরো:

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (১৯ এপ্রিল) সকালে হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত এক দিনে হামের উপসর্গে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ১০ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। তবে চিকিৎসা শেষে গত ২৪ ঘণ্টায় ২৬ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ১৩২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, চলমান সংক্রমণ পরিস্থিতিতে এখন পর্যন্ত মোট ৬৬১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৫২ জনের মৃত্যু হয়েছে।

মুখপাত্র আরও বলেন, পরিস্থিতি মোকাবিলায় হাসপাতাল কর্তৃপক্ষ প্রয়োজনীয় চিকিৎসা ও ব্যবস্থাপনা কার্যক্রম অব্যাহত রেখেছে।