জাবিতে পঞ্চগড় জেলা ছাত্রকল্যাণ সংঘের সভাপতি হাসান, সম্পাদক কাফী
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অধ্যয়নরত পঞ্চগড় জেলার শিক্ষার্থীদের সংগঠন "পঞ্চগড় জেলা ছাত্রকল্যাণ সংঘ (পঞ্চতীর্থ)" এর দুই সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে।
রবিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় সংগঠনটির সাবেক সভাপতি শাহেদ আনান সজীব এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করেন।
কমিটিতে সভাপতি হিসেবে দর্শন বিভাগের ৫০ তম আবর্তনের শিক্ষার্থী মো: হাসান জাভেদ কায়সার সজীব ও সাধারণ সম্পাদক হিসেবে একই ব্যাচের বায়োকেমিস্ট্রি বিভাগের শিক্ষার্থী মো. আব্দুল্লাহ হেল কাফী পাটোয়ারী দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।
নতুন কমিটিকে সংগঠনের উপদেষ্টামন্ডলীর সদস্য হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: নঈম আকতার সিদ্দিক সরকার, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আশরাফুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো: সিফাত আরসালান স্বাক্ষরের মাধ্যমে অনুমোদন দিয়েছেন।
কমিটির নবনির্বাচিত সভাপতি মো: হাসান জাভেদ কায়সার সজীব বলেন, পঞ্চগড় জেলা ছাত্রকল্যাণ সংঘ (পঞ্চতীর্থ) একটি সম্পূর্ণ অরাজনৈতিক এবং অলাভজনক সংগঠন যার মূল উদ্দেশ্যই হলো জাহাঙ্গীরনগরে পঞ্চগড়স্থ শিক্ষার্থীদের কল্যাণ সাধন ও পারস্পরিক ভ্রাতৃত্ববোধ দৃঢ় করা; যেন আমরা সবাই মিলে একটা ইউনিট হিসেবে থাকতে পারি এবং একে-অপরের বিভিন্ন প্রয়োজনে পারস্পরিক সাহায্য-সহযোগিতায় শামিল হতে পারি।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো: আব্দুল্লাহ হেল কাফী পাটোয়ারী বলেন, "যেহেতু পঞ্চগড় একটি দূরবর্তী ছোটো জেলা তাই এখানে আমাদের সংঘবদ্ধ থেকে সৌহার্দপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলা উচিত। কেননা আমাদের সবার একটাই পরিচয়, আমরা সবাই পঞ্চগড়িয়ান। পঞ্চগড়ের সবাই আমরা ভাই-বোন।"








