হাসপাতালে বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃ/ত্যু
বান্দরবান প্রতিনিধি :
বান্দরবান সদর হাসপাতালে নির্মানাধীন একটি ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণ শ্রমিকের প্রাণ গেছে।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে হাসপাতালের সার্ভিস ভবনে এ ঘটনা ঘটে বলে বান্দরবান ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আব্দুল মান্নান আনসারী জানিয়েছেন।
নিহত শ্রমিকরা হলেন মো. সাকিব (২০) ও কামরুল হাসান (৩৫)। তারা ভোলা জেলার চরফ্যাশন উপজেলার বাসিন্দা।
বান্দরবানের সিভিল সার্জন শাহীন হোসেন চৌধুরী বলেন, “সার্ভিস ভবনের পাশে থাকা বৈদ্যুতিক মেইন লাইনের তারের সঙ্গে একটি লোহার অ্যাঙ্গেলের সংস্পর্শ হলে সাকিব ও কামরুল বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।”
এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
বান্দরবান সদর থানা ওসি শাহেদ পারভেজ বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।









