রাজারহাটে পিক-আপের ধাক্কায় বাবা-ছেলের মৃত্যু
মোঃ কাজল ইসলাম, কুড়িগ্রাম সদর প্রতিনিধি:
রাজারহাটে একটি মাছবহনকারী পিকআপ ভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।
শনিবার ৬ জুন সকালে রাজারহাট মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন মোঃ দুলু মিয়া ও বাবা সিদ্দিক শেখ। দুর্ঘটনার পরপরই বাবা-ছেলে গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে তাদের নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলেও রক্ষা হয়নি বাবা ছেলের।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত দুই ব্যক্তি কুড়িগ্রাম-লালমনিরহাট সীমান্তে বোগমারী পঞ্চগ্রাম এলাকার স্থানীয় বাসিন্দা। তারা উভয়ে বাবা-ছেলে। স্থানীয়রা আরও জানান, তারা সকালে মোটরসাইকেল করে যাওয়ার পথে বিপরিত দিক থেকে একটা মাছবহনকারী পিকআপ ভ্যানের সাথে মোটরসাইকেল সংঘর্ষ হয়। এতে করে মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে যায়। এবং বাবা ছেলে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা ঘটনাস্থলে এসে বাবা সিদ্দিক শেখ এবং ছেলে দুলু মিয়াকে উদ্ধার করে প্রথমে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। এরপর সেখান থেকে ছেলে দুলু মিয়া কে কুড়িগ্রাম সদর হাসপাতাল চিকিৎসার জন্য পাঠানো হলে দুলু মিয়া কুড়িগ্রাম সদর হাসপাতালে মৃত্যুবরণ করেন।
ছেলের মৃত্যুর পর বাবা সিদ্দিক শেখের মৃত্যুর খবরটি নিশ্চিত হওয়া গেছে। জানা যায়, নিহত সিদ্দিক শেখের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সরাসরি চিকিৎসার জন্য রংপুরের উদ্দেশ্যে নেওয়া হলে পথিমধ্যে তারও মৃত্যু হয় বলে জানা গেছে।
এ বিষয় রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ জানান, সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যুর খবরটি নিশ্চিত হওয়া গেছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থরে যাওয়ার আগেই পিকআপ ভ্যানটি পালিয়ে গেছে। এ বিষয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।









