সাহেব বাজার স্বর্ণপট্টিতে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ: রাসিক প্রশাসকের প্রতি ব্যবসায়ীদের কৃতজ্ঞতা
ইব্রাহীম হোসেন সম্রাট, রাজশাহী ব্যুরো:
রাজশাহী মহানগরীর সাহেববাজার স্বর্ণপট্টি এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)।
গত বুধবার (২৪ জুন) রাসিক প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাৎ করে সংগঠনের পক্ষ থেকে বিষয়টি বাস্তবায়নের লক্ষ্যে একটি লিখিত আবেদনপত্র প্রদান করা হয়।
এই পদক্ষেপের জন্য রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস), রাজশাহী জেলা শাখার নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে রাজশাহী সিটি কর্পোরেশনের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
উল্লেখ্য, গত শুক্রবার (১৯ জুন) সাহেববাজারের কারুশ্রী জুয়েলার্সে চুরির ঘটনার পর রাসিক প্রশাসক ঘটনাস্থল পরিদর্শন করেন। ওই সময় তিনি ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ প্রতিরোধ এবং আধুনিক নগর ব্যবস্থাপনা জোরদার করার লক্ষ্যে স্বর্ণপট্টি এলাকায় সিসি ক্যামেরা স্থাপনের আশ্বাস প্রদান করেছিলেন।
সৌজন্য সাক্ষাৎকালে বাজুস রাজশাহী জেলা শাখার চেয়ারম্যান মো. আশরাফুল ইসলাম (অপু) এবং সাধারণ সম্পাদক মো. সামিউল ইসলাম (সুইট) সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রাসিক প্রশাসক আবেদনপত্রটি গ্রহণ করে বিষয়টির প্রতি আন্তরিক আগ্রহ প্রকাশ করেছেন। ব্যবসায়ী নেতারা আশা প্রকাশ করেছেন যে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে সাহেববাজার স্বর্ণপট্টির নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী হবে এবং ব্যবসায়ীদের মধ্যে আস্থা ও নিরাপত্তাবোধ বৃদ্ধি পাবে।








