মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স: বেগমগঞ্জ থানা পরিদর্শনে পুলিশ সুপারের কঠোর বার্তা

প্রকাশিত: ২৪ জুন ২০২৬, ১১:৫২ পিএম
মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স: বেগমগঞ্জ থানা পরিদর্শনে পুলিশ সুপারের কঠোর বার্তা

মো: মিজানুর রহমান সুমন,  বেগমগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:

নোয়াখালী জেলায় মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে জেলা পুলিশ কোনো প্রকার ছাড় দেবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন নবাগত পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন। বুধবার (২৪ জুন) বেগমগঞ্জ মডেল থানা পরিদর্শনে এসে তিনি এই কঠোর অবস্থানের কথা জানান।

পরিদর্শনের শুরুতে পুলিশ সুপার থানায় পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)। পরে পুলিশের একটি চৌকস দল তাকে আনুষ্ঠানিক ‘গার্ড অব অনার’ প্রদান করে।

পরিদর্শনকালে পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন থানার সার্বিক দাপ্তরিক কার্যক্রম, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার তদন্তের অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও পর্যালোচনা করেন।

ডিউটি অফিসারসহ বিভিন্ন শাখার দায়িত্বরত পুলিশ সদস্যদের সাথে কথা বলে তিনি পেশাগত দক্ষতা বৃদ্ধি, কঠোর শৃঙ্খলা রক্ষা, কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং সর্বোপরি জনসেবার মানোন্নয়নে একগুচ্ছ দিকনির্দেশনা প্রদান করেন।

"জনগণের প্রত্যাশা পূরণ করতে হলে পুলিশকে আরও আধুনিক, কার্যকর ও জনবান্ধব হতে হবে। থানায় আসা কোনো সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হন। দ্রুত ও আন্তরিকতার সাথে আইনি সেবা নিশ্চিত করা প্রতিটি পুলিশ সদস্যের পবিত্র দায়িত্ব।"

এ সময় তিনি মাদক ব্যবসা, কিশোর গ্যাং, সন্ত্রাসবাদ, চুরি ও ডাকাতিসহ সব ধরনের অপরাধ নির্মূলে পুলিশকে আরও বেশি সক্রিয়, তৎপর ও পেশাদারিত্বের সাথে মাঠে থাকার নির্দেশ দেন। এই অপরাধবিরোধী অভিযানসমূহ যেন নিবিড়ভাবে তদারকি করা হয়, সেজন্য তিনি অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) আ. ন. ম. ইমরান খানকে বিশেষ নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শন শেষে পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন থানার আনুষ্ঠানিক পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং উপস্থিত অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে সমাপনী ও দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।